|
ফলো করুন |
|
|---|---|
বৈশাখের আগমনী বার্তায় উৎসবমুখর আবহে জমে উঠেছিল এক ভিন্নধর্মী ক্রিকেট আয়োজন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বৈশাখী প্রীতি ক্রিকেট ম্যাচ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ১৫ ওভারের ম্যাচে চার উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র দূতাবাস দল। টস জিতে আগে ব্যাট করে বিএসজেএ আট উইকেটে ১০০ রান সংগ্রহ করে। জবাবে তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দূতাবাস দল। ম্যাচের শুরু থেকে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। তবে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ওপেনার আল-আমিন। দায়িত্বশীল ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
অনুষ্ঠান শেষে বক্তব্যে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘এই প্রীতি ম্যাচটি আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের একটি অংশ এবং জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে পারা আমাদের জন্য বিশেষ সম্মানের।’ আয়োজনটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদীন, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক এসএম সুমন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ সংশ্লিষ্টরা।
