Logo
Logo
×

খেলা

বেলাশেষে সেই পথ হারানো পথিক আর্সেনাল

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বেলাশেষে সেই পথ হারানো পথিক আর্সেনাল

মৌসুমের শেষ প্রান্তে এসে হঠাৎ খেই হারিয়ে সব হারানোর দুঃস্মৃতি কম নেই আর্সেনালের। এবারও সেই দুঃস্বপ্নের চোরাবালিতে আটকা পড়েছে গানাররা। লিগ কাপের ফাইনালে হারার পর এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের সম্ভাব্য চার শিরোপার দুটি এরই মধ্যে হাত ফসকে গেছে। শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগেও বিশাল ধাক্কা খেল মিকেল আর্তেতার দল। এই হারে লিগে তাদের ২২ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে নয় পয়েন্টে এগিয়ে থাকলেও দুই ম্যাচ বেশি খেলায় আর্সেনালের লিড কার্যত তিন পয়েন্টে নেমে এসেছে। এখন চ্যাম্পিয়ন হতে নিজেদের বাকি ছয় ম্যাচেই গানারদের জিততে হবে। ছয় ম্যাচের একটি সিটির বিপক্ষে। ৩২ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। এমিরেটস স্তব্ধ করে কাল ১৭ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন টিনএজ সেনসেশন জুনিয়র ক্রুপি। ৩৫ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের পেনালটি গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত শেষ চার ম্যাচে তৃতীয় হার এড়াতে পারেনি বিবর্ণ আর্সেনাল। ৭৪ মিনিটে বোর্নমাউথকে উচ্ছ্বাসে ভাসান অ্যালেক্স স্কট। লিগে গানারদের পরের ম্যাচ সিটির ডেরা ইতিহাদে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম