প্রথম দুই ওয়ানডে
নিউজিল্যান্ড সিরিজে অপরিবর্তিত বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হাবিবুল বাশারের নেতৃত্বাধীন চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল ঘোষিত প্রথম দলে কোনো চমক নেই। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ এ হোম সিরিজজয়ী বাংলাদেশ দল অপরিবর্তিত রইল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য শনিবার ঘোষিত ১৫ সদস্যের দলে হাবিবুল বাশাররা কোনো যোগ-বিয়োগ করেননি। ম্যাচ দুটি মিরপুরে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে ২৩ এপ্রিল। ১৫ সদস্যের দলে পিএসএলে খেলা পাঁচজন রয়েছেন। তারা হলেন-তানজিদ হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের জন্য পিএসএলের মাঝপথে ফিরে আসছেন তারা।
যথারীতি ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। কাল মিরপুরে নিজেদের প্রথম দল ঘোষণার সময় নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে সবশেষ সিরিজে। দলে এমন কিছু খেলোয়াড় ছিল, যারা একাদশে সুযোগ পায়নি। দলে থাকা খেলোয়াড়দের যথেষ্ট সুযোগ দেওয়ার নীতি গ্রহণ করেছি আমরা। পর্যাপ্ত সুযোগ না দিয়ে আমরা কাউকে বাদ দেওয়ার পক্ষে নই। আমরা ধারাবাহিকতায় বিশ্বাসী। এজন্যই নিউজিল্যান্ড সিরিজের জন্য দলে কোনো পরিবর্তন আনিনি।’ হাবিবুল জানান, দল গঠনের সময় তারা কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলেছেন।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে সাইফের রান মাত্র ৫২। আফিফও বড় ইনিংস খেলতে পারেননি। তবু তাদের বাদ না দেওয়ার সিদ্ধান্তের পক্ষে প্রধান নির্বাচকের যুক্তি, ‘নতুন বা তরুণ ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ না দিলে তাদের সামর্থ্য যাচাই করা যায় না।’ নির্বাচক প্যানেলের এমন অবস্থান দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে দল গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। একাধিক পরিবর্তনের বদলে একই স্কোয়াড ধরে রেখে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোই তাদের লক্ষ্য।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
