শরীফুল-নাহিদের কাছে হেরে গেলেন মোস্তাফিজ
বাবর আজমের পেশোয়ারের দুই বাংলাদেশি পেসার শরীফুল (১/১৭) ও নাহিদ (২/১৫) দিনশেষে জয়ী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এই ম্যাচে বাংলাদেশের ছিলেন চারজন। মাঠে দুই দলে মুখোমুখি হয়েছিলেন মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম ও নাহিদ রানা। আর ধারাভাষ্য কক্ষে মাইক্রোফোন হাতে আতহার আলী খান। ম্যাচে অবশ্য শরীফুল ও নাহিদের পেশোয়ার জালমি (১৭৩/৭) ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সকে (৯৭)। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১৯তম ম্যাচে মোস্তাফিজ আবারও নিজের মানসম্পন্ন বোলিংয়ের স্বাক্ষর রেখেছেন ওভারপ্রতি আট রানের কম দিয়ে। চার ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার। পরে তিন বলে একটি বাউন্ডারিতে (টুর্নামেন্টের ৪২২তম চার) অপরাজিত চার রান করেন ‘ফিজ’। দুনিথ ভেলালাগের সঙ্গে তার ১৯
বলে ২২ রানের জুটিও লাহোরকে ১০০ অবধি নিয়ে যেতে পারেনি। উলটোদিকে বাবর আজমের পেশোয়ারের দুই বাংলাদেশি পেসার শরীফুল (১/১৭) ও নাহিদ (২/১৫) দিনশেষে জয়ী। ম্যাচসেরা অবশ্য পেশোয়ারের শ্রীলংকান কিপার-ব্যাটার কুশল মেন্ডিস, যিনি বাবরের সঙ্গে আরেকটি সেঞ্চুরি পার্টনারশিপের পথে ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। বাবর ৪০ বলে ৪৩ রান করেন। লাহোরের সবচেয়ে সফল বোলার অধিনায়ক শাহিন আফ্রিদি তিন উইকেট নেন ২২ রান দিয়ে। টস জিতে ফিল্ডিং নেওয়া লাহোর ব্যাটিং বিপর্যয়ে শোচনীয় পরাজয় বরণ করেছে। ফখর জামান ও আবদুল্লাহ শফিক দুজনই সমান ২১ রান এবং ভেলালাগে ২০ রান করেন। পেশোয়ারের কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েল (৩/১৮) এবং সুফিয়ান মুকিম (৩/২১) ছয় উইকেট সমান ভাগ করে নেন। পাঁচ ম্যাচে চার জয়ে নয় পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে শীর্ষে রয়েছে পেশোয়ার। ছয়ে নেমে যাওয়া লাহোরের পয়েন্ট মাত্র চার। সুপার ফোরে খেলবে শীর্ষ চার দল।
