Logo
Logo
×

খেলা

ক্ষতবিক্ষত রিয়াল, রক্তাক্ত এমবাপ্পে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্ষতবিক্ষত রিয়াল, রক্তাক্ত এমবাপ্পে

রক্তাক্ত এমবাপ্পে মাঠে পড়ে আছেন। জিরোনার বক্সে ডিফেন্ডার ভিতর রেইসের কনুইয়ের আঘাতে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড পড়ে যান। তার ডান চোখের ওপরে রক্ত। চিকিৎসা নিতে হয়। কিন্তু তার পেনাল্টির আবেদন অগ্রাহ্য করেন রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) তাতে কর্ণপাত করেননি। এমবাপ্পের মতো রক্তাক্ত হয়েছে রিয়ালও। মানে, জিরোনার কাছে পয়েন্ট খুইয়েছে। চোট-হোঁচটের ম্যাচ ১-১ গোলে ড্র করে লা লিগার শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়ল রিয়াল। লা লিগায় মায়োর্কার কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও একই ভাগ্যবরণ। ঘোর দুঃসময় যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবের। এর মধ্যে আবার এমবাপ্পের ইনজুরি। ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ আরবেলোয়া রাগে-ক্ষোভে ফুঁসছিলেন। বললেন, ‘ওটা অবশ্যই পেনাল্টি। এই গ্রহেও, এমনকি চাঁদেও।’

কোনো পরিকল্পনা কাজে আসছে না রিয়াল মাদ্রিদের। আন্তর্জাতিক বিরতি শেষে ছয়দিনে তিনটি ম্যাচ খেলে জিততে পারেনি তারা একটিতেও। মায়োর্কা ও বায়ার্ন মিউনিখের কাছে হারের পর শুক্রবার রাতে লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে রিয়ালের দুর্দশা আরও বাড়ল।

ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগিতে লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা কার্যত শেষ তাদের। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার (৭৬) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্টে পিছিয়ে রিয়াল (৭০)। এস্পানলের বিপক্ষে জিতলে সাত ম্যাচ বাকি থাকতে বার্সা এগিয়ে যাবে নয় পয়েন্টে।

বার্নাব্যুতে রিয়াল ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলমুখে সফল হতে পারেননি এমবাপ্পে, ভিনিসিয়ুসরা। রিয়ালের নয় শটের বিপরীতে জিরোনার মাত্র দুটি শট লক্ষ্যে ছিল। ৫১ মিনিটে ফেদে ভালভের্দের দুর্দান্ত গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ৬২ মিনিটে জিরোনাকে সমতায় ফেরান থমাস লেমার। ৮৭ মিনিটে বক্সের মধ্যে এমবাপ্পে ফাউলের শিকার হয়ে রক্তাক্ত হলেও রিয়ালের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।

বুধবার বায়ার্নের মাঠে শেষ আটের ফিরতি ম্যাচে দুই গোলের ব্যবধানে জিততে না পারলে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নেবে রিয়াল। মৌসুম বাঁচানোর লড়াইয়ের আগে টানা তিন ম্যাচে গোল নেই ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়ালের বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে শেষ সাত ম্যাচে করেছেন মাত্র এক গোল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম