|
ফলো করুন |
|
|---|---|
ইউরোপের সবুজ ঘাসে অন্য শিহরণ। অবশেষে পূর্ণ শক্তিতে প্রস্তুতি নিতে পেরেছে লাল-সবুজ শিবির। মঙ্গলবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সান মারিনোতে পূর্ণতা পেল বাংলাদেশ দল।
শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক সান মারিনো। প্রীতি ম্যাচ খেলতে সোমবার ইউরোপের এই খুদে দেশে পৌঁছেন জামাল ভূঁইয়ারা এ যেন এক আবেগঘন যাত্রা। ওই দিন যোগ দেন শমিত সোম। ভোরে দলে যুক্ত হন জায়ান আহমেদ, বিকালে অনুশীলনে ঘাম ঝরান। এরপর হামজার আগমন।
দীর্ঘ ২৪ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণের পর খেলোয়াড়রা প্রথমদিন রিকভারি সেশন করেন। ক্লান্তি, জেট ল্যাগ ও ভিন্ন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রামের মধ্যেও ইউরোপে নিজেদের প্রমাণ করার সুতীব্র আকাঙ্ক্ষা ফুটবলারদের।
পরদিন শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন। দলের ম্যানেজার আমের খান জানান, ‘গতকাল ঠান্ডা ছিল। আজ প্রচণ্ড গরম। বাংলাদেশের মতো। দুদিনে দুরকম আবহাওয়া। খেলোয়াড়দের জন্য এটা নতুন চ্যালেঞ্জ।’
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রায় দেড় ঘণ্টার ঘাম ঝরানো সেশনে ফুটবলারদের মধ্যে দেখা গেছে উদ্দীপনা, আত্মবিশ্বাস।
প্রধান কোচ থমাস ডুলি কষ্টকর ভ্রমণের কথা বলতে গিয়ে বাস্তবতা তুলে ধরেন, ‘দীর্ঘ ভ্রমণ, ট্রানজিট, অপেক্ষা-সব মিলিয়ে যাত্রাটা সহজ ছিল না। এখন সবাই প্রস্তুত। কঠিন ম্যাচ হবে। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’
ইতালিতে দীর্ঘদিন বসবাস করা ফাহামিদুল ইসলাম দলের সেতুবন্ধন হয়ে উঠেছেন। তার কথায়, ‘এটা আমার চেনা জায়গা। চেষ্টা করব অভিজ্ঞতা ভাগ করে নিতে। সবাই ইউরোপে খেলতে মুখিয়ে আছে। আমাদের লক্ষ্য একটাই, জয়।’
