নেতানিয়াহুর মক্তব্য
ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনি নামে ভবিষ্যতে কোনো রাষ্ট্র থাকবে না-এমনটাই মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। এর আগে, বৃহস্পতিবার নেতানিয়াহু এই প্রকল্পে সই করেন, যা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে। মা’লে আদুমিম বসতিতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি-কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এ জায়গা আমাদের।’ তিনি আরও জানান, ‘আমরা আমাদের ঐতিহ্য, আমাদের জমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করব... আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব।’ ১২ বর্গকিলোমিটার জমির ওপর গড়ে ওঠা এই বসতিটি ইস্ট ১ বা ই-ওয়ান নামে পরিচিত। এখানে ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, একই সঙ্গে ওই অঞ্চলের হাজারো ইসরাইলি বসতি একে অপরের সঙ্গে সংযুক্ত হবে। এছাড়াও পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসাবে দেখে আসছেন ফিলিস্তিনিরা। তবে ১৯৬৭ সাল থেকে দখল করা পশ্চিম তীরে ইসরাইলের সব বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য হয়।
এ বিষয়ে আলজাজিরার প্রতিবেদক হামদাহ সালহুত জানান, এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে। এর ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও ক্ষীণ হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বৃহস্পতিবার বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। তিনি মনে করেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান ‘অনিবার্য’।
