চার্লি কার্কের খুনি গ্রেফতার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ধর্মযাজক সন্দেহভাজনকে চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। খবর আল জাজিরার। এতে বলা হয়, হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে মনে করেন ট্রাম্প।
এরআগে চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজনের ছবি প্রকাশ করে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে অজ্ঞাত সেই তরুণের ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস এবং কালো লম্বা হাতাওয়ালা পোশাক পরে আছেন। এই ব্যক্তির বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এক লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২১ লাখেরও বেশি টাকা) পুরস্কার ঘোষণা করা হয়েছে। সিএনএন।
বৃহস্পতিবার এফবিআইয়ের সল্ট লেক সিটি অফিস এক্স হ্যান্ডলে চারটি নতুন ছবি শেয়ার করে বলেছে, ‘আমরা উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে চার্লি কার্কের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত এই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য জনসাধারণের সাহায্য চাইছি।’ কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন কলেজ পড়ুয়া বয়সের হতে পারে। হত্যাকাণ্ড ঘটিয়ে ছাদ থেকে লাফিয়ে জঙ্গলে পালিয়ে যাওয়া সেই খুনি ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পলাতক রয়েছে। উটাহ ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি জানিয়েছে, চার্লি কার্ককে গুলি করার আগের মুহূর্তের বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে এই ছবিগুলো নেওয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে চার্লিকে দূর থেকে গুলি করে হত্যা করা হয়। সেদিন দুপুরে হাতে মাইক্রোফোন নিয়ে সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ দূরের একটি ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর কার্ক তার গলা চেপে ধরেন এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দর্শক চিৎকার করে পালিয়ে যান। বন্দুকধারী গুলি করার পর ছাদ থেকে নেমে পাশের বনের ভেতর পালিয়ে যায়। ঘটনাস্থলের কাছ থেকে আইন প্রয়োগকারী সংস্থা একটি .৩০ ক্যালিবার বোল্ট-অ্যাকশন মাউজার রাইফেল উদ্ধার করে, যা একটি তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। অত্যাধুনিক অস্ত্রটির চেম্বারে একটি খালি কার্তুজ এবং ম্যাগাজিনে আরও তিনটি গুলি ভর্তি ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতের তালুর ছাপ এবং জুতার ছাপও সংগ্রহ করেছে। অস্ত্র, গুলিসহ অন্যান্য প্রমাণ ফরেনসিক বিশ্লেষণের জন্য ফেডারেল ল্যাবে পাঠানো হয়েছে।
কার্ককে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ দেবেন ট্রাম্প : চার্লি কার্ককে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের বাইরে, ৯/১১ সন্ত্রাসী হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। বলেন, ‘আমি আপনাদের একটি জিনিসের নিশ্চয়তা দিতে পারি যে, অনুষ্ঠানে ব্যাপক জনতার উপস্থিতি থাকবে।’ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন চার্লি কার্ক।
