Logo
Logo
×

দশ দিগন্ত

ভালুক থেকে বাঁচতে সঙ্গে ঘণ্টা রাখছেন জাপানের জনগণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভয়ে ভয়ে দিন পার করছে জাপানের মানুষ। ভালুকের তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ বাসিন্দারা। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে শহরের মোড়ে মোড়ে সাইনবোর্ডে সতর্কতার নির্দেশনা দেওয়া হচ্ছে। লোকালয়ে ভালুকের দেখা মিললেই শিক্ষার্থীদের মেইলের মাধ্যমে জানানো হচ্ছে। গত মাসের শুরুর দিকে এএফপি ও জাপান গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দেশটির ভয়ার্ত জনপদের নিত্য-আতর্কের চিত্র উঠে আসে। একই পরিস্তিতি বিরাজ করছে এখনো। ভালুকের এ হঠাৎ উপদ্রবের শুরুটা বছরের শুরু থেকেই। সরকারি হিসাব মোতাবেকে, এপ্রিল থেকে জাপানজুড়ে ভালুকের আক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। ফলে ভালুকের আক্রমণ থেকে বাঁচতে অনেকেই ব্যাগে ঘণ্টা বেঁধে ঘুরছেন।

নাগাওকা ইউনির্ভাসিটি অব টেকনোলজির সিভিল ডিপার্টমেন্টের গবেষক শিক্ষার্থী মহিবুল্লাহ বিজয় যুগান্তরকে বলেন, বুধবার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকেই ভালুক থেকে সতর্ক থাকতে ই-মেইল পাঠানো হয়েছে।

এ সম্পর্কে ২৮ বছর বয়সি কাকারু মাতসুহাশি (প্রথাগত শিকারি) এএফপিকে বলেন, ‘প্রায় প্রতিদিন মানুষ আক্রমণের শিকার হচ্ছে। এটা ব্যক্তিগত মনে হচ্ছে এবং ভীতিকর।’ এ বছরের ভালুকের আক্রমণে মৃত্যুর সংখ্যা ২০২৩-২৪ সালের তুলনায় দ্বিগুণ। অনেকেই প্রাণীটি থেকে বেঁচে যাওয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা শিকার করেছেন। ৬৮ বছর বয়সি কেইজি মিনাতোয়া। একদিন তিনি তার গ্যারেজে কাজ করছিলেন। হঠাৎ একটি ভালুক লাফ দিয়ে তার ওপর চড়ে বসে। এরপর কোনোরকম পালিয়ে বেঁচে যান তিনি। তবে মিনাতোয়ার মতো ভাগ্যবান সবাই হন না। এর আগে ৬৭ বছর বয়সি এক ব্যক্তি ইওয়াতে ভালুকের আক্রমণে মারা গেছেন। বাড়ির বাইরে লাশ পাওয়া গেছে। ইওয়াতে আরেকজন ৬০ বছর বয়সি পুরুষ দূরবর্তী হট স্প্রিং পরিষ্কার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তার লাশ কাছের জঙ্গলে পাওয়া গেছে। এছাড়াও সরকারি তথ্যানুযায়ী আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

জাপান সরকার ইতোমধ্যেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। এমনকি বিভিন্ন স্থানে সেনাও মোতায়েন করা হয়েছে। এমনকি ভালুক শিকার করার জন্য রাইফেল ব্যবহার করতে দেওয়া হবে তাদের। বিজ্ঞানীরা বলছে, জাপানে বন্য ভালুকের সংখ্যা দ্রুত বাড়ছে। জাপানের বাদামি ভালুকের সংখ্যা ৩০ বছরে দ্বিগুণ হয়েছে কিন্তু সেই অনুযায়ী তাদের পর্যাপ্ত খাবার নেই। ফলে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। মূলত বৈশ্বিক ঊষ্ণায়নের কারণেই এমন হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। গবেষক ওহনিশি বলছেন, ভালুকের সংখ্যার নিয়ন্ত্রণ ছাড়া স্থানীয়দের ঝুঁকি কমানো সম্ভব নয়। ২০২৩-২৪ সালে ৯,০০০ ভালুক শিকার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম