Logo
Logo
×

দশ দিগন্ত

এবার প্রেস সেক্রেটারির সৌন্দর্যে মুগ্ধ ট্রাম্প

লেভিটের ঠোঁট যেন মেশিনগান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রেসিডেন্টদের ‘নারী প্রীতি’ নিয়ে রঙ্গরসের কমতি নেই যুক্তরাষ্ট্রে! এর মধ্যে প্রায়ই যে কৌতুকটি হাসিঠাট্টার মধ্যমণি হয়ে ওঠে তা হলো-হোয়াইট হাউজের নিজেদের আমলের কর্মকর্তা ও পরিবার নিয়ে সমুদ্রবিলাসে গেছেন সাবেক প্রেসিডেন্টরা। উত্তাল সাগরে জাহাজ তখন ডুবুডুবু। হঠাৎ প্রেসিডেন্ট বারাক ওবামা চিৎকার করে বলছেন, ‘নারীদের দিকে আগে নজর দাও।’ জর্জ বুশ তখন বলছেন, ‘আগে নিজের প্রাণ বাঁচাও।’ এদিক-ওদিক তাকিয়ে ‘লাভার বয়’ বিল ক্লিনটন বললেন, ‘আমি নারীদের দেখছি। ডুবে যাওয়ার আগে কিছু সময় তো অন্তত পাওয়া যাবে, নাকি?’ অন্যদিকে মিটি মিটি হাসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ফুট আফসোসে বলছেন, ‘ইট ইজ অল ডান বিফোর আই কাম হিয়ার!’ আসলেই কি তাই? দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে সুন্দরী অঙ্গনে প্রশংসার ফুলঝুরিতে তুলে একের পর এক যে ছক্কা হাঁকাচ্ছেন; সেই রেকর্ড কিন্তু তা বলে না! বয়সের শেকল ভেঙে হোয়াইট হাউজে নিজের ‘হাঁটুর বয়সি’ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ঠোঁট আর মুখশ্রীর শিষ্টাচারবহির্ভূত প্রশংসার পর নতুন করে আলোচনার রঙ্গমঞ্চে ‘নয়া নায়ক’ হয়ে উঠেছেন ট্রাম্প! কদিন আগেও মিসরের এক আন্তর্জাতিক সম্মেলনে সারি সারি বিশ্বনেতাদের সামনেই ‘সুন্দরী নারী’ বলে মন জয় করে নেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (৪৮)। তার ঠিক একমাস আগেই, সেপ্টেম্বরের এক সফরে ব্রিটেনে গিয়ে রাজবধূ কেট মিডলটনের (৪৩) রূপে মুগ্ধ হয়ে বলেন, তুমি খুব সুন্দর, খুব সুন্দর! ভরা মজলিশ দূরের কথা-পাশে বসে থাকা সুন্দরী পত্নী মেলেনিয়াকেও (৫৫) তোয়াক্কা করেননি। আর এবার মুগ্ধ হলেন তারই নিয়োগকৃত হোয়াইট হাউজের ২৮ বছর বয়সি প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের রূপের ঝলকে! ৭৯ বছর বয়সি ট্রাম্পের অর্ধেকেরও কম বয়সি এই নারীর ‘সুন্দর মুখ’ আর আকর্ষণীয় ‘ঠোঁট’-এ নিজের বিস্ময় প্রকাশ করলেন একেবারে ভরা সমাবেশে! বললেন, লেভিটের ঠোঁট যেন মেশিনগান! ব্যক্তি জীবনে ‘প্রেমিক পুরুষ’ খ্যাত ট্রাম্পের রয়েছে এক বর্ণাঢ্য ‘প্রেমের জীবন’। যা পত্র-পত্রিকার মাধ্যমে খবরের দুনিয়ায় এসেছে তার প্রেসিডেন্ট হওয়ারও অনেক আগে। নারী সৌন্দর্য ঝলকে হৃদয় চমকে ওঠা ট্রাম্প বিয়েও করেছেন পরপর ৩টি। সর্বশেষ জীবনসঙ্গী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও প্রেমের জাদুতেই বেঁধে ফেলেন বিয়ের বন্ধনে। মেলানিয়া তখন উঠতি মডেলে (২০০৫)। টগবগে সুন্দরী। ট্রাম্পের সবচেয়ে বড় গুণ হলো-নির্দ্বিধায়, বিনা সংকোচে, নির্ভয়ে সবার সামনে সুন্দরীদের প্রশংসা করা। মঙ্গলবার স্বভাবজাত সেই পুরোনো মেঘটিই আবার নতুন করে গর্জে উঠল পেনসিলভানিয়ার এক সমাবেশে। মাউন্ট পোকোনোতে প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার সময় হঠাৎই দেখা যায়, ট্রাম্পের চোখের সেই চিরচেনা ঝলক-যে ঝলক সাধারণত কোনো রাষ্ট্রীয় নীতির জন্য নয়, শুধু নারীর সৌন্দর্য দেখলেই জ্বলে ওঠে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্য প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান তিনি। সাংবাদিকরা

ঠিকভাবে খাতা-কলম খুলে ধরার আগেই ট্রাম্প বলে ওঠেন-‘যখন সে ফক্সের টেলিভিশন চ্যানেলে যায়, সেখানে সে দাপিয়ে বেড়ায়, সে যখন মঞ্চে ওঠে তার ওই সুন্দর মুখ আর সেই ঠোঁট নিয়ে, যা থামে না, যেন ছোট্ট একটা মেশিনগান।’ মুগ্ধতার উছলে পড়া উচ্ছ্বাসে তিনি আরও বলেন, ‘আজ আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকে নিয়ে এসেছি। সে কি দারুণ না? ক্যারোলিন কি অসাধারণ?’ অক্টোবরে এয়ার ফোর্স ওয়ানের সাক্ষাৎকারেও লেভিটকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন রিপাবলিকান এই নেতা। তিনি সে সময় বলেছিলেন, ‘ওই মুখটা, ওই মস্তিষ্কটা, ওই ঠোঁট, যেভাবে চলে। মনে হয় যেন সে একটা মেশিনগান। আমার মনে হয় না ক্যারোলিনের চেয়ে ভালো প্রেস সেক্রেটারি আর কারও হয়েছে।’ মার্কিন ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হন লেভিট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম