এখন চলছে তোমাদের সিলেবাসভিত্তিক প্রস্তুতি
মির্জা মাহমুদা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমার প্রাণপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা যেহেতু খুব কাছে তাই আমি নিশ্চিতভাবে ধরে নেব তোমরা প্রত্যেকে সিলেবাসভিত্তিক প্রস্তুতি গ্রহণে ব্যস্ত সময় অতিক্রম করছ, এ তৎপরতা তোমার ফলাফলকে প্রত্যাশার মতো বয়ে আনবে। পরীক্ষায় সাফল্য পেতে তোমাদের যা করতে হবে-
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন, উচ্চতর গণিতের পাশাপাশি বাংলা ও ইংরেজি বিষয়ে মনোযোগ দিবে যাতে করে জিপিএ-৫ অর্জন সহজ হয়। অনেক সময় সূত্র ভুল লেখায় অঙ্ক মেলাতে জটিলতা দেখা দেয়। এতে এক প্রকারের হতাশা ও বিরক্তি আসে যা আশানুরূপ ফলাফল অর্জনের প্রধান অন্তরায় হতে পারে। পদার্থ ও রসায়নে অহেতুক কিছু না লিখে যা চেয়েছে তাই উত্তর করবে এতে সর্বোচ্চ নম্বর অর্জন সম্ভব। যেসব বিষয়ে চিত্র সংযোজন করা দরকার তা করবে, তবে চিত্রটি সঠিক করতে অনুশীলনকালে তা একাধিকবার এঁকে দেখলে ভালো। এছাড়া চিত্রের বর্ণনার কথাটিও মনে রাখতে হবে অর্থাৎ পেন্সিল দিয়ে চিহ্নিত করে সঠিক বিবরণটি তুলে ধরতে হবে।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের একটু বেশি লিখতে হয়। অনেক সময় সন, তারিখ বা তথ্য সূত্র দেওয়া প্রয়োজন হয়। এগুলো উল্লেখের ক্ষেত্রে যথাযথ রেফারেন্স ব্যবহার করা উত্তম। মানবিকের শিক্ষার্থীরা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো একাধিকবার লিখে চর্চা করলে শতভাগ উত্তর দিতে সহজ হবে এবং প্রত্যাশা মতো ফলাফল অর্জন সম্ভব।
তোমরা যদি মনে মনে ভেবে থাক ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন অন্য বিভাগের তুলনায় কিছুটা কঠিন, এটা ধারণা একদম ভুল। বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান বিষয়গুলোতে একটু বাড়তি মনোযোগী হও তবেই ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন অনেক সহজ মনে হবে। হিসাব বিজ্ঞান পরীক্ষার দিন মনস্থির রাখবে এবং কোনো প্রকার তাড়াহুড়া না করে প্রশ্ন বুঝে উত্তর দিও।
পরীক্ষাসংশ্লিষ্ট সব প্রস্তুতি এখন থেকেই সম্পন্ন কর। তিন দিন আগে নিজেকে নিজে যাচাই কর- আমি প্রস্তুত তো? ঘাটতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভুল করবে না। পরীক্ষার প্রয়োজনীয় সব কিছু যেন তোমার হাতের নাগালেই থাকে ফলে পরীক্ষার দিনগুলো তোমার জন্য হবে আরও সহজতর।
