সুন্দর পরিকল্পনায় প্রস্তুতি নাও
কর্নেল ই এম মোরশেদ আলম, এমফিল, পিএইচডি, অধ্যক্ষ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
* ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার আন্তরিক শুভকামনা। পরীক্ষার্থী বন্ধুরা ইতোমধ্যেই জেনে থাকবে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণমান সংক্ষিপ্ত সিলেবাসে। সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল থেকে। পরীক্ষায় ভালো করার জন্য এ সময়ের প্রস্তুতি হবে সুনির্দিষ্ট এবং পরিকল্পনা মাফিক। কী পড়বে, কখন পড়বে তার একটা সুন্দর পরিকল্পনা করে নাও এবং সেভাবে পড়তে বস।
* পরীক্ষায় ভালো করার একটি শর্ত চমৎকার পরিকল্পনা ও সময় বণ্টন; এটা পরীক্ষার দিনগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ উত্তর প্রদানে সহায়তা করবে। যে কোনো বিষয় বুঝতে সমস্যা হলো ওই বিষয়ের ক্লাসের শিক্ষকদের সঙ্গে কথা বলবে। আশানুরূপ ফলাফল পেতে এ যোগাযোগটি খুবই অর্থবহ। প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে স্যারদের সঙ্গে কথা বললে নতুন ধারণা পাবে, যা তোমার প্রস্তুতিকে আরও সুন্দর ও সহজ করবে। এ সময় স্যারদের নির্দেশনা তোমার মনের ভেতর একিট আত্মবিশ্বাস তৈরি করবে যা পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে খুবই সহায়ক। মনে রাখবে, আত্মবিশ্বাসের অভাব থেকেই তৈরি হয় পরীক্ষা ভীতি যা মোটেও কাম্য নয়। পরীক্ষার প্রস্তুতিকে ইতিবাচক হিসাবে দেখা এবং নেতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা না করা পরীক্ষা ভীতি জয়ের একটি অন্যতম মাধ্যম তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে পুরো প্রস্তুতি শেষ করতে হবে।
* পরীক্ষার সময়টাতে বৃষ্টি এবং তাপপ্রবাহ- দুটোরই আশঙ্কা রয়েছে। বাস্তবতা বিবেচনায় এসময় পরীক্ষার্থীদের দৈনন্দিন চলাফেরায় বেশ সতর্কতা অবলম্বন করতে হবে। বেশিক্ষণ বাইরে ঘোরাফেরা বা দুপুরের রোদে অহেতুক বের না হয়ে পড়ার টেবিলে সময় দেওয়াই হবে উত্তম কাজ।
