পরীক্ষায় ভালো ফলের মূলমন্ত্র
চৌধুরী এমদাদুল করিম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রিয় শিক্ষার্থীরা, করোনা পরিস্থিতি, শিক্ষাব্যবস্থায় বারবার পরিবর্তন এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে পরিশেষে তোমরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছ। পরীক্ষা অত্যাসন্ন। শেষ মুহূর্তের এ সময়টা তোমাদের জন্য যে কোনো সময়ের বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ-
* নিয়মিত খাদ্যভাস এবং পরিমিত বিশ্রাম যথাযথভাবে বজায় রাখবে।
* তোমার পঠিত যে বিষয়গুলো পুরোপুরি শেষ হয়েছে সেগুলো রিভিশন দাও। যে বিষয়গুলো বা যে টপিকগুলো এখনো কঠিন বা ঝুঁকিপূর্ণ মনে হয় সেগুলো দ্রুত সমাধান করে নাও।
* নতুন করে কোনো কিছু শেখার বা মুখস্থ করার প্রয়োজন নেই। মনে রেখ, তুমি এতদিন যা পড়েছ বা শিখেছ তাই যথেষ্ট। এখন প্রয়োজন সেগুলো আয়ত্তে রাখা।
* পরীক্ষায় ভালো করার মূলমন্ত্র হলো- ‘নির্ভুল, সুন্দর ও দ্রুতগতি’- এ তিন বিষয়ের সমন্বয়। এ তিনটির যে কোনো একটির ঘাটতি হলে তোমার কাঙ্ক্ষিত ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে।
* পরীক্ষার সময় যে প্রশ্নগুলোর উত্তর ভালো জানা আছে সেগুলোর উত্তর আগে দিবে। তারপর পর্যায়ক্রমে কঠিন প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করবে।
* পরীক্ষাকেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকবে। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করবে না। কক্ষ পরিদর্শকের নির্দেশনা মেনে চলবে। মনে রাখবে, কর্তৃপক্ষ অসদাচরণের জন্য বিধিমোতাবেক ব্যবস্থা নিতে পারে।
* রেজি : কার্ড, প্রবেশপত্র, কলম, পেন্সিল, রাবার, স্কেল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (পারমিটেড) এসব আগে থেকেই গুছিয়ে ফাইলে রাখবে।
* অতিরিক্ত টেনশন তোমার স্বাস্থ্যঝুঁকির কারণ। তাই এ ব্যাপারে সতর্ক থাকবে।
* চুল, নখ আগেভাগেই কাটবে। স্কুলের ইউনিফর্মে পরীক্ষাকেন্দ্রে যাবে।
* পরীক্ষার খাতায় লেখার গতি ধরে রাখতে প্রতিদিন কিছু লেখালেখি করবে।
* সর্বোপরি, সর্বশক্তিমান স্রষ্টার সাহায্য কামনা করবে।
উল্লিখিত বিষয়সমূহ যথাযথভাবে মেনে চলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমার যা প্রস্তুতি রয়েছে তাতে তুমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে- ইনশাআল্লাহ।
