Logo
Logo
×

রাজধানী

ঈদের ছুটিতে রাজধানীতেই ঘুরে দেখুন এসব দর্শনীয় স্থান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:২০ এএম

ঈদের ছুটিতে রাজধানীতেই ঘুরে দেখুন এসব দর্শনীয় স্থান

রাজধানীতে দর্শনীয় স্থান। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। রমজান মাসজুড়ে এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় এ উৎসব। ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে অনেকেই গ্রামের বাড়ি বা বিভিন্ন পর্যটন গন্তব্যে যান। ফলে বছরের অন্য সময়ের তুলনায় এ সময় ব্যস্ত নগরী অনেকটাই ফাঁকা হয়ে পড়ে।

এই সুযোগে পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে সময় কাটানো যেতে পারে। ঢাকার ভেতরে ও আশপাশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ঈদের ছুটির একটি দিন স্বাচ্ছন্দ্যে কাটানো সম্ভব।

আহসান মঞ্জিল (Ahsan Manzil)

বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের ঐতিহাসিক বাসভবন আহসান মঞ্জিল রাজধানীর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। গোলাপি রঙের এই প্রাসাদে গেলে নবাবদের আভিজাত্যের ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়া যায়। ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে ঘুরে আসা হতে পারে ভিন্নরকম অভিজ্ঞতা।

লালবাগ কেল্লা (Lalbagh Fort)

মুঘল আমলের স্থাপত্য নিদর্শন লালবাগ কেল্লা ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থান। লাল ইটের তৈরি এই কেল্লা প্রতিদিনই দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকে। কেল্লার পাশেই রয়েছে ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদ, যা ঘুরে দেখার মতো আরেকটি আকর্ষণ।

বলধা গার্ডেন (Baldha Garden)

রাজধানীর ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেন প্রকৃতিপ্রেমীদের জন্য একটি দারুণ জায়গা। প্রায় দেড় হাজার প্রজাতির গাছপালা, একটি মনোরম পুকুর এবং সবুজ পরিবেশ এই বাগানকে আলাদা আকর্ষণ দিয়েছে। এখানে পর্যটকদের জন্য গেস্ট হাউসও রয়েছে।

জাতীয় সংসদ ভবন (Jatiya Sangsad Bhaban)

মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত জাতীয় সংসদ ভবন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম নান্দনিক স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। মার্কিন স্থপতি লুই কানের নকশায় নির্মিত এই ভবনটির ভেতরে প্রবেশ সাধারণের জন্য উন্মুক্ত না হলেও আশপাশের সবুজ পরিবেশ, কৃত্রিম লেক এবং বিকালের পর জমে ওঠা খাবারের দোকানগুলো দর্শনার্থীদের আকর্ষণ করে।

চিড়িয়াখানা (Bangladesh National Zoo)

মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ঈদের সময় দর্শনার্থীদের অন্যতম পছন্দের জায়গা। ঈদে এখানে মানুষের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। বিভিন্ন প্রাণী কাছ থেকে দেখার সুযোগ থাকায় পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি জনপ্রিয় গন্তব্য।

কার্জন হল (Curzon Hall)

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কার্জন হল প্রায় ১১৫ বছরের পুরোনো একটি ঐতিহাসিক স্থাপনা। ব্রিটিশ আমলের স্থাপত্যরীতিতে নির্মিত এই ভবনটির নামকরণ করা হয়েছে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এর নামে। লাল ইটের কারুকার্যময় ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান, আর পেছনে রয়েছে প্রায় চার শতাব্দী পুরোনো মুসা খাঁ মসজিদ ও একটি বড় পুকুর।

হাতিরঝিল (Hatirjheel)

ঢাকার অন্যতম আধুনিক বিনোদনকেন্দ্র হাতিরঝিল। সবুজ পরিবেশ আর স্বচ্ছ পানির লেকের মাঝ দিয়ে চলাচল করে ওয়াটার বাস। মগবাজার থেকে রামপুরা ও গুলশান পর্যন্ত এই ওয়াটার বাসে ঘুরে দেখা যায় পুরো এলাকা। বিশেষ করে রাতের বেলায় আলো ঝলমলে সেতু আর শীতল বাতাস হাতিরঝিলকে আরও আকর্ষণীয় করে তোলে।

ঈদের ছুটিতে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা না থাকলেও রাজধানীর এসব জায়গায় ঘুরে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানো সম্ভব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম