Logo
Logo
×

দৃষ্টিপাত

জমি ও ফ্ল্যাট কেনায় প্রতারণা এবং দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা

ড. মোঃ রুহুল আমিন সরকার

ড. মোঃ রুহুল আমিন সরকার

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম

জমি ও ফ্ল্যাট কেনায় প্রতারণা এবং দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা

ফাইল ছবি

বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দণ্ডবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে প্রতারণা, জাল দলিল তৈরি, ভুয়া নথি ব্যবহার এবং প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দণ্ডবিধির বিভিন্ন ধারা কার্যকর আইনি ভিত্তি প্রদান করে। এসব অপরাধ সমাজে আর্থিক ক্ষতি, সামাজিক অবিশ্বাস এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি করে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। জমি ও ফ্ল্যাট কেনা মানুষের জীবনের একটি বড় সিদ্ধান্ত। অনেকেই সারাজীবনের সঞ্চয় দিয়ে একটি জমি বা ফ্ল্যাট কেনেন। কিন্তু দুঃখজনকভাবে এই খাতে প্রতারণার ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ আইনের সঠিক ধারণা না থাকার কারণে সহজেই প্রতারিত হন। তাই প্রতারণার ধরন জানা এবং দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাগুলো সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুসারে প্রতারণা সংক্রান্ত মূল ধারা হলো ৪১৫ ধারা। এই ধারায় প্রতারণাকে সংজ্ঞায়িত করা হয়েছে এমন একটি কাজ হিসেবে, যেখানে কেউ প্রতারণার মাধ্যমে অন্য কাউকে সম্পদ হস্তান্তরে প্রলুব্ধ করে বা তাকে ক্ষতির সম্মুখীন করে। এই ধারার পরিপূরক হিসেবে ৪২০ ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রতারণার মাধ্যমে সম্পদ বা মূল্যবান কিছু গ্রহণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। ৪২০ ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। এর পাশাপাশি ৪১৬ ও ৪১৯ ধারায় ব্যক্তির পরিচয় ভুয়া উপস্থাপন করে প্রতারণার বিষয়টি উল্লেখ করা হয়েছে। কেউ যদি অন্য কারও পরিচয় ধারণ করে প্রতারণা করে, তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই ধরনের অপরাধ বর্তমান সময়ে ডিজিটাল প্রতারণার ক্ষেত্রে ব্যাপকভাবে দেখা যায়, যেখানে ভুয়া আইডি বা পরিচয় ব্যবহার করে মানুষকে প্রতারিত করা হয়।

জাল দলিল তৈরি এবং তা ব্যবহারের ক্ষেত্রে দণ্ডবিধির ৪৬৩ ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারায় জালিয়াতির সংজ্ঞা প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা দলিল তৈরি করে, তাহলে তা জালিয়াতি হিসেবে গণ্য হবে। ৪৬৪ ধারা অনুযায়ী, কোন পরিস্থিতিতে একটি দলিলকে মিথ্যা বা জাল হিসেবে বিবেচনা করা হবে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। জাল দলিল তৈরির শাস্তি নির্ধারণ করা হয়েছে ৪৬৫ ধারায়। এই ধারায় বলা হয়েছে, কেউ যদি জাল দলিল তৈরি করে, তাহলে তার জন্য কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। তবে যদি জালিয়াতির উদ্দেশ্য আরও গুরুতর হয়, যেমন মূল্যবান নিরাপত্তা দলিল, উইল বা গুরুত্বপূর্ণ নথি জাল করা হয়, তাহলে ৪৬৭ ধারার আওতায় কঠোর শাস্তির বিধান রয়েছে, যা আজীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

একইভাবে ৪৬৮ ধারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির বিষয়টি আলাদা করে উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, যদি কেউ প্রতারণা করার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে, তাহলে তার জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ৪৭১ ধারায় জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার করার অপরাধের কথা বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি জাল দলিল জেনেও তা ব্যবহার করে, তাহলে সে একইভাবে দণ্ডনীয় অপরাধে দোষী হবে। এছাড়াও ৪৭৪ ধারা অনুযায়ী, জাল দলিল নিজের কাছে রাখা বা সংরক্ষণ করাও অপরাধ, যদি তা প্রতারণার উদ্দেশ্যে করা হয়। এই ধারাগুলো প্রমাণ করে যে শুধু জাল দলিল তৈরি করাই নয়, বরং তা ব্যবহার করা বা সংরক্ষণ করাও আইনের চোখে অপরাধ হিসেবে বিবেচিত হয়। প্রতারণা ও জালিয়াতির সাথে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধ সংঘটনের উদ্দেশ্য। দণ্ডবিধিতে অপরাধের উদ্দেশ্য বা “Mens Rea”  Actus Rea অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রমাণ করা যায় যে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রতারণা বা জালিয়াতি করেছে, তাহলে তার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা সহজ হয়। অন্যদিকে, যদি ভুলবশত বা অজান্তে কোনো কাজ ঘটে, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য নাও হতে পারে। তবে হালের বাস্তবতায় দেখা য়ায় যে, জ্ঞাত সারে অথবা অজ্ঞাতসারে, জমি অথবা ফ্ল্যাট কিনে বর্তমানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণি ও মধ্যবিত্ত শ্রেণীর লোকজন ব্যাপকভাবে প্রতারিত হচ্ছেন। লেখার পরবর্তী অংশে এই বিষয়গুলো সংক্ষেপে আলোকপাত করবো যেন মানুষ প্রতারণা থেকে সাবধান থাকেন।

আমাদের দেশে জমি ও ফ্ল্যাট কেনা মানুষের জীবনের সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। কিন্তু এই স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হয়, যখন মানুষ প্রতারণার শিকার হয়ে আদালতের দ্বারস্থ হন। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভুক্তভোগী মামলা করে তদন্তের স্বার্থে সিআইডি কার্যালয়ে আসেন। তাদের চোখে থাকে হতাশা, ক্ষোভ এবং ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষা। সিআইডিতে আসা ভুক্তভোগীদের অধিকাংশই মানসিকভাবে ভেঙে পড়েন। অনেকেই জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে ফেলেন। কেউ কেউ ঋণ নিয়ে জমি বা ফ্ল্যাট কিনেছিলেন, এখন সেই ঋণের বোঝা তাদের উপর চাপ সৃষ্টি করছে। তাদের কণ্ঠে একটাই প্রশ্ন—“আমরা কি আমাদের ন্যায্য বিচার পাব?” 

জমি ও ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণা সাধারণত পরিকল্পিতভাবে সংঘটিত হয়। প্রতারকরা দীর্ঘদিন ধরে একটি চক্র তৈরি করে, যেখানে জাল কাগজপত্র তৈরি, ভুয়া মালিকানা দেখানো, এমনকি সরকারি নথিও জাল করা হয়। ভুক্তভোগীরা প্রথমে বুঝতেই পারেন না যে তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। যখন বুঝতে পারেন, তখন অনেক দেরি হয়ে যায় এবং তাদের শেষ আশ্রয় হয় আদালত ও তদন্ত সংস্থা। এই ধরনের প্রতারণার মামলাগুলো সাধারণত দণ্ডবিধির ৪১৫ এবং ৪২০ ধারার আওতায় করা হয়। যেখানে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি বিবেচিত হয়। এছাড়াও জাল দলিল তৈরির ক্ষেত্রে ৪৬৩, ৪৬৪ এবং ৪৬৫ ধারা প্রযোজ্য হয়। যদি জাল দলিলটি গুরুত্বপূর্ণ হয়, তাহলে ৪৬৭ ধারা অনুযায়ী আরও কঠোর শাস্তির বিধান রয়েছে। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করলে ৪৬৮ ধারা প্রযোজ্য হয় এবং জাল দলিল ব্যবহার করলে ৪৭১ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

তদন্ত প্রক্রিয়া একটি জটিল এবং সময়সাপেক্ষ বিষয়। সিআইডি কর্মকর্তারা প্রথমে অভিযোগ যাচাই করেন, তারপর সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেন। জমির রেকর্ড, রেজিস্ট্রি দলিল, খতিয়ান, পর্চা—সবকিছু খুঁটিয়ে দেখা হয়। অনেক সময় ফরেনসিক পরীক্ষার মাধ্যমে কাগজপত্রের সত্যতা যাচাই করা হয়। এতে সময় লাগে, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায়, একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। আবার কোথাও দেখা যায়, সম্পূর্ণ জাল কাগজপত্রের ভিত্তিতে লেনদেন হয়েছে। এসব প্রমাণ সংগ্রহ করা সহজ নয়। কারণ প্রতারকরা অনেক সময় প্রভাবশালী হয় এবং প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। অনেক সময় মানুষ নিজের অজান্তেই নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। একটি কাগজে স্বাক্ষর। খুব সাধারণ একটি কাজ। কিন্তু সেই স্বাক্ষরই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ফাঁদ। ভুক্তভোগী ব্যক্তি অনেক সময় মনে করতে পারেন না তিনি সত্যিই সেই দলিলে সই করেছিলেন কিনা। কেউ হয়তো কৌশলে সই নিয়ে নিয়েছে। কেউ হয়তো প্রতারণা করেছে। কেউ হয়তো বিশ্বাস ভেঙেছে। কিন্তু প্রমাণের ভাষা আলাদা। আদালত আবেগ বোঝে না। আদালত কাগজ বোঝে। স্বাক্ষর বোঝে। তাই যখন সেই স্বাক্ষর ফরেনসিক পরীক্ষায় মিলে যায়, তখন সত্য মিথ্যার ভেদরেখা অস্পষ্ট হয়ে যায়। একজন মানুষ চিৎকার করে বলতে চান—“আমি প্রতারিত হয়েছি।” কিন্তু তার কণ্ঠস্বর চাপা পড়ে যায় এক টুকরো কাগজের নিচে। একটি মিল থাকা স্বাক্ষর যেন তার বিরুদ্ধে দাঁড়ানো এক কঠিন দেয়াল। সেই দেয়াল ভাঙা যায় না। অনেক সময় দেখা যায়, স্বাক্ষরটি হয়তো চাপের মুখে দেয়া হয়েছে। হয়তো বুঝে ওঠার আগেই সই করা হয়েছে। হয়তো বিশ্বাসের জায়গা থেকে করা হয়েছে। কিন্তু পরে সেটিই হয়ে দাঁড়ায় অপরাধের প্রমাণ। তখন আর কিছু বলার থাকে না। আইনের চোখে সেটি বৈধ। ভুক্তভোগীর চোখে সেটি প্রতারণা। এই দ্বন্দ্বই সবচেয়ে কষ্টের। কারণ এখানে সত্য আছে, কিন্তু প্রমাণ নেই। অনুভূতি আছে, কিন্তু গ্রহণযোগ্যতা নেই। একজন মানুষ ধীরে ধীরে ভেঙে পড়েন। তিনি ভাবেন—কেন তিনি সেদিন সই করেছিলেন। কেন তিনি বিশ্বাস করেছিলেন। কেন তিনি বুঝতে পারেননি। কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আর কোনো কাজে আসে না। মামলা এগিয়ে যায়। রিপোর্ট আসে। বলা হয়—স্বাক্ষর মিলেছে। এখানেই যেন সব শেষ। আর কোনো প্রতিকার নেই। আর কোনো পথ খোলা নেই। একজন নিরীহ মানুষ তখন আইনের জালে আটকে পড়েন। তিনি অপরাধী নন। কিন্তু প্রমাণ তাকে অপরাধীর আসনে বসিয়ে দেয়। এই অসহায়ত্ব খুব নিঃশব্দ। খুব গভীর। বাইরে থেকে বোঝা যায় না। ভেতরে ভেতরে একজন মানুষ প্রতিদিন হারতে থাকেন। তার বিশ্বাস হারায়। তার আস্থা ভেঙে যায়। আইনের প্রতি, মানুষের প্রতি, সম্পর্কের প্রতি। একটি স্বাক্ষর শুধু কালি নয়। কখনো কখনো এটি হয়ে ওঠে একটি জীবনের ট্র্যাজেডি।

সিআইডির তদন্ত কর্মকর্তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তাদেরকে আইনি জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং সততার সাথে কাজ করতে হয়। প্রতিটি মামলার পেছনে থাকে একজন মানুষের কষ্টের গল্প। তাই তদন্ত শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতাও। ভুক্তভোগীরা প্রায়ই অভিযোগ করেন যে বিচার প্রক্রিয়া অনেক দীর্ঘ। মামলা করার পর বছরের পর বছর কেটে যায়, কিন্তু তারা ন্যায়বিচার পান না। এতে তাদের হতাশা আরও বাড়ে। তবে বাস্তবতা হলো, সঠিক প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। তবুও এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করার প্রয়োজন রয়েছে। এই ধরনের প্রতারণা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। অনেক ভুক্তভোগী স্বীকার করেন যে তারা যথাযথ যাচাই-বাছাই না করেই লেনদেন করেছিলেন। যদি তারা আগে থেকেই সাবধান হতেন, তাহলে হয়তো এই ক্ষতির সম্মুখীন হতে হতো না। সিআইডিতে প্রতিদিন যে ভিড় দেখা যায়, তা আমাদের জন্য একটি সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে জমি ও ফ্ল্যাট খাতে প্রতারণা একটি গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ জনগণ—সবাইকে একসাথে কাজ করতে হবে।

একই জমি বা ফ্ল্যাটের বিপরীতে একাধিক ব্যক্তি খাজনা প্রদান করেছেন—এমন ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়; বরং ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অসংগঠিত রেকর্ড সংরক্ষণ এবং অসাধু চক্রের সুযোগসন্ধানী কর্মকাণ্ডের কারণে এটি একটি জটিল সামাজিক-আইনি সমস্যায় পরিণত হয়েছে। গ্রামাঞ্চলে যেমন মৌজা রেকর্ড, খতিয়ান, দাগ নম্বরের অসামঞ্জস্য দেখা যায়, তেমনি শহরাঞ্চলে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ডেভেলপার ও জমির মালিকদের মধ্যে চুক্তিগত অস্পষ্টতা বা প্রতারণামূলক আচরণ ক্রেতাদের বিপদে ফেলে। অনেক সময় দেখা যায়, একজন ব্যক্তি ভূমি অফিসে খাজনা পরিশোধ করে নিজেকে বৈধ মালিক হিসেবে দাবি করছেন, আবার অন্য কেউ একই জমির উপর রেজিস্ট্রি দলিল দেখিয়ে মালিকানা দাবি করছেন। খাজনা প্রদান মূলত দখল বা ব্যবহারিক অধিকারকে কিছুটা সমর্থন করলেও, এটি মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়—এই মৌলিক বিষয়টি সাধারণ মানুষ প্রায়ই অনুধাবন করতে পারেন না। ফলে, একই সম্পত্তির বিপরীতে একাধিক দাবি তৈরি হয় এবং বিরোধের সূচনা ঘটে। এই সমস্যার মূলে রয়েছে পুরোনো রেকর্ড হালনাগাদ না হওয়া, ভূমি জরিপের অসামঞ্জস্য, নামজারি প্রক্রিয়ার দুর্বলতা এবং তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার না থাকা।

একই জমি বা ফ্ল্যাট একাধিক ব্যক্তির নামে রেজিস্ট্রি হওয়ার ঘটনাগুলো আরও বেশি জটিলতা সৃষ্টি করে, কারণ এখানে সরাসরি আইনি দলিল জড়িত থাকে। রেজিস্ট্রি অফিসে যথাযথ যাচাই-বাছাইয়ের অভাব, দলিল জালিয়াতি, বা একই সম্পত্তি একাধিকবার বিক্রির মতো অপরাধের কারণে এ ধরনের ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রে অসাধু বিক্রেতারা প্রথমে একজন ক্রেতার কাছে সম্পত্তি বিক্রি করে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেন, তারপর একই সম্পত্তি আবার অন্য ক্রেতার কাছে বিক্রি করেন—কখনো জাল কাগজপত্র ব্যবহার করে, কখনো আবার প্রকৃত তথ্য গোপন রেখে। এতে করে উভয় পক্ষই নিজেদের বৈধ মালিক মনে করেন এবং আইনি লড়াই শুরু হয়। আদালতে তখন প্রমাণ হিসেবে উপস্থাপিত হয় দলিল, খতিয়ান, পর্চা, কর পরিশোধের রসিদ, দখল সংক্রান্ত তথ্য ইত্যাদি। কিন্তু সমস্যা হলো—এসব প্রমাণ অনেক সময় পরস্পরবিরোধী হয়। একটি দলিল হয়তো আগে রেজিস্ট্রি হয়েছে, কিন্তু অন্য পক্ষ দীর্ঘদিন ধরে দখলে রয়েছে; আবার কারও খাজনা রেকর্ড আছে, কিন্তু তার দলিল দুর্বল। ফলে আদালতের জন্য সঠিক মালিক নির্ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিচারককে তখন প্রমাণের গ্রহণযোগ্যতা, সাক্ষ্য, দখলের ধারাবাহিকতা, এবং আইনের বিভিন্ন ধারা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, যা সময়সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া।

এই ধরনের মামলাগুলোর জটিলতা শুধু আইনি ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; এটি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলে। একটি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন মামলা চলতে থাকলে উভয় পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, মানসিক চাপের মধ্যে থাকেন এবং অনেক ক্ষেত্রে সম্পত্তিটি অচল অবস্থায় পড়ে থাকে। বিনিয়োগের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, কারণ মানুষ সম্পত্তি ক্রয়ে আস্থা হারায়। এই পরিস্থিতি উত্তরণের জন্য প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ—ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশন, স্বচ্ছ ও নির্ভরযোগ্য নামজারি প্রক্রিয়া, রেজিস্ট্রি অফিসে কঠোর যাচাই ব্যবস্থা এবং সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি। এছাড়া, প্রতিটি সম্পত্তির জন্য একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর চালু করা গেলে একই সম্পত্তি একাধিকবার বিক্রি বা রেজিস্ট্রি করার সুযোগ কমে যাবে। সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই জটিল সমস্যার সমাধান সম্ভব। অন্যথায়, একই জমি বা ফ্ল্যাট নিয়ে বহুমুখী মালিকানার বিরোধ ভবিষ্যতেও চলতেই থাকবে এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার পাওয়া আরও কঠিন হয়ে উঠবে।

প্রথমত, জমি কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতারণা ঘটে ভুয়া মালিকানা দেখিয়ে। অনেক প্রতারক নিজেদের জমির মালিক দাবি করে অন্যের জমি বিক্রি করে দেয়। ক্রেতা কাগজপত্র যাচাই না করে বিশ্বাস করে ফেলে। পরে দেখা যায়, আসল মালিক অন্য কেউ। এই ধরনের প্রতারণা দণ্ডবিধির ৪১৫ ধারার আওতায় পড়ে, যেখানে প্রতারণার মাধ্যমে কাউকে ক্ষতিগ্রস্ত করা অপরাধ হিসেবে গণ্য হয়। একই সাথে ৪২০ ধারা অনুযায়ী প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।

দ্বিতীয়ত, জাল দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা খুবই সাধারণ। প্রতারকরা জাল রেজিস্ট্রি দলিল, খতিয়ান বা পর্চা তৈরি করে ক্রেতাকে দেখায়। এই ক্ষেত্রে দণ্ডবিধির ৪৬৩ ধারা প্রযোজ্য, যেখানে জালিয়াতির সংজ্ঞা দেওয়া হয়েছে। ৪৬৪ ধারায় বলা হয়েছে, কোন দলিলকে মিথ্যা বা জাল হিসেবে গণ্য করা হবে। আর ৪৬৫ ধারা অনুযায়ী জাল দলিল তৈরি করলে শাস্তির বিধান রয়েছে। অনেক সময় প্রতারকরা আরও গুরুতর জালিয়াতি করে, যেমন গুরুত্বপূর্ণ দলিল বা মালিকানার প্রমাণ জাল করে। এই ক্ষেত্রে ৪৬৭ ধারা প্রযোজ্য হয়, যেখানে মূল্যবান সিকিউরিটি বা গুরুত্বপূর্ণ দলিল জাল করার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এই ধরনের অপরাধে আজীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও প্রতারণা কম নয়। অনেক ডেভেলপার একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। ক্রেতারা প্রথমে বুঝতে পারেন না। পরে দেখা যায়, এক ফ্ল্যাটের জন্য একাধিক মালিক দাবি করছে। এই ধরনের প্রতারণা ৪২০ ধারার আওতায় পড়ে। এছাড়া যদি ডেভেলপার শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্যে এই কাজ করে, তাহলে ৪৬৮ ধারাও প্রযোজ্য হতে পারে, যেখানে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির কথা বলা হয়েছে। আরেকটি সাধারণ সমস্যা হলো অনুমোদনহীন প্রকল্প। অনেক কোম্পানি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ফ্ল্যাট বিক্রি শুরু করে। ক্রেতারা না জেনে টাকা দিয়ে দেন। পরে প্রকল্প বন্ধ হয়ে যায় বা আইনি জটিলতায় পড়ে। এই ক্ষেত্রে প্রতারণার অভিযোগ আনা যেতে পারে এবং ৪১৫ ও ৪২০ ধারা প্রযোজ্য হতে পারে। কিছু ক্ষেত্রে প্রতারকরা অন্য কারও পরিচয় ব্যবহার করে জমি বা ফ্ল্যাট বিক্রি করে। যেমন, আসল মালিক বিদেশে থাকেন, আর কেউ তার পরিচয় দিয়ে জমি বিক্রি করে দেয়। এই ধরনের অপরাধ ৪১৬ ধারার আওতায় পড়ে, যেখানে ছদ্মবেশে প্রতারণার কথা বলা হয়েছে। ৪১৯ ধারা অনুযায়ী এই অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে।

অনেক সময় ক্রেতারা জাল দলিল জেনেও ব্যবহার করেন, বিশেষ করে দ্রুত লাভের আশায়। কিন্তু আইন অনুযায়ী এটি অপরাধ। দণ্ডবিধির ৪৭১ ধারায় বলা হয়েছে, জাল দলিলকে সত্য হিসেবে ব্যবহার করাও শাস্তিযোগ্য অপরাধ। একইভাবে ৪৭৪ ধারায় বলা হয়েছে, জাল দলিল নিজের কাছে রাখা এবং তা ব্যবহারের উদ্দেশ্য থাকলেও অপরাধ হিসেবে গণ্য হবে। জমি কেনার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হলো দখল সংক্রান্ত প্রতারণা। অনেক সময় জমি কিনে ক্রেতা দখল পান না। দেখা যায়, জমিতে অন্য কেউ বসবাস করছে বা দখল করে আছে। বিক্রেতা বিষয়টি গোপন রেখেছিল। এই ধরনের প্রতারণাও ৪১৫ ধারার আওতায় পড়ে, কারণ এখানে তথ্য গোপন করে ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বুকিং মানি নিয়ে প্রতারণাও ঘটে। কিছু অসাধু ডেভেলপার অগ্রিম টাকা নিয়ে পরে ফ্ল্যাট দেয় না বা প্রকল্পই শুরু করে না। এতে সাধারণ মানুষ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এই ধরনের ঘটনায় ৪২০ ধারায় মামলা করা যেতে পারে।

এই সব প্রতারণা থেকে বাঁচতে হলে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রথমত, জমি বা ফ্ল্যাট কেনার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করতে হবে। ভূমি অফিস বা সাব-রেজিস্ট্রি অফিস থেকে তথ্য সংগ্রহ করতে হবে। প্রয়োজনে আইনজীবীর সাহায্য নিতে হবে। দ্বিতীয়ত, বিক্রেতার পরিচয় নিশ্চিত করতে হবে। জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অন্যান্য তথ্য যাচাই করা জরুরি। যদি সন্দেহ থাকে, তাহলে লেনদেন না করাই ভালো। তৃতীয়ত, ডেভেলপার কোম্পানির রেজিস্ট্রেশন ও অনুমোদন যাচাই করতে হবে। রাজউক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করা উচিত। এতে প্রমাণ থাকে এবং পরে সমস্যা হলে তা আদালতে উপস্থাপন করা সহজ হয়।

বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে প্রতারণার ধরনও পরিবর্তিত হয়েছে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, সামাজিক যোগাযোগ মাধ্যম—এসব প্ল্যাটফর্মে প্রতারণার ঘটনা বেড়েছে। যদিও দণ্ডবিধি একটি পুরনো আইন, তবুও এর মৌলিক ধারাগুলো এখনো প্রাসঙ্গিক। তবে আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মতো বিশেষ আইনও সহায়ক ভূমিকা পালন করে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতারণা ও জালিয়াতির মামলা তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং আদালতে উপস্থাপন করার ক্ষেত্রে দক্ষতা ও সততার প্রয়োজন। অনেক সময় দেখা যায়, ভুক্তভোগীরা প্রাথমিকভাবে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন না, ফলে দেরিতে অভিযোগ করেন। এতে প্রমাণ সংগ্রহ কঠিন হয়ে পড়ে। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এছাড়াও বিচার ব্যবস্থার কার্যকারিতা এই ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্রুত বিচার, সঠিক তদন্ত এবং যথাযথ শাস্তি প্রদান অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে। অন্যদিকে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা অপরাধীদের উৎসাহিত করতে পারে, যা সমাজের জন্য ক্ষতিকর।

সবশেষে বলা যায়, জমি ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সচেতনতা এবং আইনের জ্ঞানই সবচেয়ে বড় প্রতিরক্ষা। বাংলাদেশ দণ্ডবিধির ৪১৫, ৪২০, ৪১৬, ৪১৯, ৪৬৩, ৪৬৪, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ৪৭৪ ধারাগুলো এই ধরনের প্রতারণা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সাধারণ মানুষ এসব ধারা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন, তাহলে তারা সহজেই প্রতারণা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। একটি নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে হলে শুধু অর্থ থাকলেই হবে না, দরকার সঠিক তথ্য, সচেতনতা এবং আইনের প্রতি শ্রদ্ধা। তাহলেই আমরা একটি প্রতারণামুক্ত সমাজ গড়ে তুলতে পারব। ভূমি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনা। ডিজিটাল রেকর্ড সিস্টেম চালু করা এবং তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা জরুরি। এতে জালিয়াতির সুযোগ কমে যাবে। একই সাথে রেজিস্ট্রি প্রক্রিয়াকে আরও কঠোর ও নিরাপদ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়াতে হবে। সিআইডিকে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তুলতে হবে। এতে তদন্ত প্রক্রিয়া দ্রুত এবং নির্ভুল হবে। সবশেষে, সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বড় প্রতিরক্ষা। জমি বা ফ্ল্যাট কেনার আগে সব তথ্য যাচাই করা, আইনজীবীর পরামর্শ নেওয়া এবং সন্দেহজনক কোনো লেনদেন এড়িয়ে চলা উচিত। মনে রাখতে হবে, একটু সতর্কতা অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে।

ভুক্তভোগীদের দীর্ঘ দিন আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা কষ্টের গল্প আমাদের চোখ খুলে দেয়। এটি শুধু একটি আইনি সমস্যা নয়, এটি একটি মানবিক সংকট। তাই আমাদের সবার দায়িত্ব এই সমস্যা সমাধানে এগিয়ে আসা এবং একটি নিরাপদ, স্বচ্ছ ও প্রতারণামুক্ত সমাজ গড়ে তোলা।

ড. মোঃ রুহুল আমিন সরকার,
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম