৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। সেই থেকে তিনি দিল্লিতে রয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গণভবনের পাশাপাশি ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের স্মৃতি বিজড়িত বাড়িটি।
শেখ মুজিবুর রহমান ১৯৬১ সালের ১ অক্টোবর থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের এই তিনতলা বাড়িতে বসবাস শুরু করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট এই বাড়িতেই সপরিবারে শেখ মুজিবকে হত্যা করা হয়। তখন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।
১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরলে শুরুতে তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে ওই বছরের ১০ জুন ঋণের কিস্তি পরিশোধ করার পর শেখ হাসিনা বাড়ির মালিকানা পান। তবে তিনি সেখানে থাকেননি।
পরে শেখ হাসিনা বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের জন্য ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট’-এর কাছে হস্তান্তর করেন। ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট’ বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করে এবং নাম দেয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’। অর্থাৎ ৩২ নম্বরের বাড়িটির মালিকানা এখন আর শেখ হাসিনার হাতে নেই। আর ধানমন্ডির সুধা সদনের মালিকানা রয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদের নামে।
