শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষের বাইরে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
Advertisement
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা দুই সপ্তাহে গড়িয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা। অব্যাহত রয়েছে ক্লাশ-পরীক্ষা বর্জন কর্মসূচি। ফলে বিশ্ব শিক্ষক দিবসেও চুয়েটের শ্রেণিকক্ষগুলো ছিল ফাঁকা।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে একটি মৌন র্যালি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে যান তারা। পরে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম বলেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। এরই অংশ হিসেবে আজ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আমরা অত্যন্ত অহিংসভাবে এ আন্দোলন চালিয়ে যাচ্ছি; কোনো ভাঙচুর বা রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করা হচ্ছে না। শিক্ষার্থীদের একাডেমিক জীবন যেন বিলম্বিত না হয়, সেজন্য সরকারের কাছে আমাদের দাবি—আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত শিক্ষার্থীদের ক্লাশে ফেরার পরিবেশ তৈরি করা হোক।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে যেখানে আমাদের শিক্ষকদের সঙ্গে শ্রেণিকক্ষে থাকার কথা, সেখানে আন্দোলনের ১৪তম দিনেও শিক্ষকদের পাশে রাস্তায় দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে। অতিদ্রুত এ অচলাবস্থার নিরসন হোক—এই প্রত্যাশায় আমরা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।
এদিকে মানববন্ধন কর্মসূচি শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনের মাঝেই শিক্ষার্থীরা উপস্থিত শিক্ষকদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
