উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে চলছে সর্বাত্মক শাটডাউন
Advertisement
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা এবং সব পর্যায়ের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
তাদের দাবি, অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতেও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ক্যাম্পাসে প্রবেশ করলে স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, আমাদের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সোমবার রাত থেকেই আমাদের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই প্রেক্ষিতে আমরা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত কর্মসূচি চলবে।
এছাড়াও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন অনতিবিলম্বে প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহালের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। শিক্ষক সমিতির পাশাপাশি এতে অংশ নেয় কর্মকর্তা এবং কর্মচারী সমিতিও।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. বসির জিসান বলেন, সোমবার আবু সাদাত সায়েম স্যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি মিটিং এ উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি জানতে পারেন, তিনি আর উপাচার্য পদে নেই। এটি অত্যন্ত অপমানজনক।
আবু সাদাত সায়েম স্যার আমাদের স্বপ্ন দেখিয়েছেন কীভাবে একটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এর জন্যই একজন উপাচার্যকে তার পদে পুনর্বহাল করার দাবিতে নজিরবিহীন আন্দোলনে নেমেছে আমাদের শিক্ষার্থীরা। শিক্ষক সমাজও এতে যুক্ত হয়েছেন। আমরা আমাদের ড. আবু সাদাত সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল চাই।
প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
