Logo
Logo
×

রাজধানী

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের মৃত্যু, আশঙ্কাজনক বাবা

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের মৃত্যু, আশঙ্কাজনক বাবা

নরসিংদীর গাবতলীতে ভূমিকম্পে বাসার দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফাইল ছবি

নরসিংদীর গাবতলীতে ভূমিকম্পে বাসার দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওমরের বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি।  

শুক্রবার (২১ নভেম্বর) সকালের দিকে ভূমিকম্পে নরসিংদীর সদর গাবতলীর ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। তার বাবাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।  

নিহত শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় বাবা-ছেলে বাসার ভেতর ছিলেন। হঠাৎ বাসার একটি দেয়াল ভেঙে তাদের ওপরে চাপা পড়ে দু’জনই গুরুতর আহত হন। পরে ঢামেকে আনার পর চিকিৎসকরা ওমরকে মৃত ঘোষণা করেন এবং তার বাবাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। 

তিনি আরও জানান, নিহত শিশু ওমর একটি মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করত এবং তার বাবা উজ্জ্বল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে অফিস সহকারী হিসেবে চাকরি করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় হলেও বর্তমানে তারা নরসিংদীর গাবতলীতে ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভূমিকম্পে নিহত শিশুর লাশটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং তার বাবা গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম