Logo
Logo
×

রাজধানী

ভূমিকম্পে আহতদের ১৫ হাজার টাকা সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:১৬ এএম

ভূমিকম্পে আহতদের ১৫ হাজার টাকা সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বা দুর্ঘটনার শিকার হয়ে ঢাকায় আহতদের চিকিৎসার জন্য জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তিদের প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বসবাসরত অথবা ঢাকায় কাজে এসে যারা ভূমিকম্প চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন, তারা এই সরকারি সহায়তা পাবেন। তবে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকতে হবে। আহত ব্যক্তি নিজে অথবা তার পক্ষে হাসপাতালে অবস্থানরত পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা কোনো নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নাম্বারে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ভূমিকম্পে আহত চিকিৎসাধীন রোগী বা তাদের স্বজনদের কাছে বার্তাটি পৌঁছে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। 

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, সারা দেশের সরকারি হাসপাতালে ৬০৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী এখনো হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম