চোর সন্দেহে গণপিটুনি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের নতুন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রকল্প এলাকায় রড চুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় আব্দুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
তাকে হাসপাতালে নিয়ে আসা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রকল্পের ভেতরে রড চুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

