Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

গেন্ডারিয়ায় ছিনতাইয়ের পর সবজি ব্যবসায়ীকে হত্যা, দুইজনের যাবজ্জীবন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

গেন্ডারিয়ায় ছিনতাইয়ের পর সবজি ব্যবসায়ীকে হত্যা, দুইজনের যাবজ্জীবন

Advertisement

ঢাকার গেন্ডারিয়া এলাকায় প্রায় ১৫ বছর আগে ছিনতাইয়ের পর সবজি ব্যবসায়ী চুন্নু মিয়াকে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ছিনতাইয়ের অভিযোগে তাদের আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাবু ওরফে বাঘা বাবু এবং মামুন।

কৌঁসুলি আমিনুল ইসলাম জানান, তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ছিনতাইয়ের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

মামলার বিবরণে জানা গেছে, সবজি ব্যবসায়ী চুন্নু মিয়া শ্যামবাজারে কাঁচামালের ব্যবসা করতেন। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে বেগুন কিনে রিকশায় শ্যামবাজারে ফিরছিলেন। ভোরে গেন্ডারিয়ার কাঠেরপুল এলাকায় পৌঁছালে আসামিরা তার রিকশার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। চুন্নু তাদের চিনে ফেলেছেন বলে জানালে আসামি সজিব তাকে ছুরিকাঘাত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের শ্যালক জাহাঙ্গীর গেন্ডারিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে আসামি সজিব মারা যায়। ১৯ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম