হাজারীবাগে তিতাসের অভিযান
তিন প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৩:১৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
হাজারীবাগ থানা এলাকার ট্যানারি মোড়সংলগ্ন ইউসুফ ব্রাদার ট্যানারি ভবনের নিচতলায় পরিচালিত তিনটি ক্যাটারিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে ‘সুলতান ডাইন (আলম ক্যাটারিং)’-কে ২ লাখ টাকা এবং ‘বাসমতি কাচ্চি’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘লাঞ্চ বক্স বিডি সাপ্লাই ক্যাটারিং’-এর জরিমানা মওকুফ করা হলেও প্রতিষ্ঠানটির অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়।
এ সময় প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত সব সংযোগ লাইন বিচ্ছিন্ন করার পাশাপাশি রান্নায় ব্যবহৃত চুলাগুলো ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে অসাধু সংযোগে ব্যবহৃত সম্পূর্ণ পাইপ, যন্ত্রপাতি, মালামাল ও মেশিনারিসহ রান্নার যাবতীয় সরঞ্জাম জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে ধানমন্ডি জোনের তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী লুৎফর নেসা লতা জানান, রাজধানীতে চলমান তীব্র গ্যাস সংকট মোকাবিলায় অবৈধ গ্যাস সংযোগ নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসাবে ইউসুফ ব্রাদার ট্যানারি ভবনের তিনটি ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি উলেখ করেন, প্রতিটি ক্যাটারিং প্রতিষ্ঠান প্রতি মাসে গড়ে প্রায় ২ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছিল। সে হিসাবে চার বছরে এসব প্রতিষ্ঠান অন্তত এক কোটি টাকারও বেশি মূল্যের সরকারি সম্পদ চুরি করেছে।
এদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও সরঞ্জাম জব্দ করায় সন্তোষ প্রকাশ করলেও কোটি টাকার গ্যাস চুরির বিপরীতে মাত্র ২ লাখ টাকার জরিমানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
তিতাস কর্তৃপক্ষের বরাতে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, রাজধানীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা ও অবৈধ সংযোগ পুরোপুরি নির্মূল করতে হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।
