Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ঢামেকের আটতলা থেকে লাফ দিয়ে তরুণীর আত্মহত্যা

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

ঢামেকের আটতলা থেকে লাফ দিয়ে তরুণীর আত্মহত্যা

ফাইল ছবি

Advertisement

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে নিচে পড়ে রিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিয়াকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুর ডাংগি গ্রামে। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার কারণে রিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার ভোরের দিকে সবার অজান্তে তিনি ওই ভবনের আটতলা থেকে নিচে লাফ দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাশের পর মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। পরে তার স্বামী দেশে এসে আবার সিঙ্গাপুরে ফিরে যান। এরপর থেকেই রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত কিছুদিন ধরে তার শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি হলে পাঁচ দিন আগে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম