ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগ, লালবাগে অভিযান
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম
রাজধানীর লালবাগের শহীদনগর বেড়িবাঁধসংলগ্ন ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক লালবাগ বিভাগ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর লালবাগের শহীদনগর বেড়িবাঁধসংলগ্ন ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ দেওয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ। অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রায় ২০ মিটার বৈদ্যুতিক তার, একাধিক চার্জিং অ্যাডাপ্টার, একটি বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে লালবাগ থানাধীন রাজধারায়ন রোড (আর অ্যান্ড ডি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এহসানুল কামরান তানভীরের নেতৃত্বে লালবাগ ট্রাফিক বিভাগের উদ্যোগে ডিপিডিসি, থানা পুলিশ ও পিওএম ফোর্সের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।
অভিযানকালে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ২০ মিটার বৈদ্যুতিক তার, একাধিক চার্জিং অ্যাডাপ্টার, একটি বৈদ্যুতিক মিটারসহ সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহাতাব হোসেন, কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মনজুরুল আলম এবং ট্রাফিক লালবাগ বিভাগের বিভিন্ন এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও সার্জেন্টরা।
ট্রাফিক লালবাগ বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারিচালিত রিকশার চার্জিং কার্যক্রম বন্ধ এবং এ ধরনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

