রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের মধ্যে আটজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে রমনা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মো. রাকিবুল ইসলাম ও মো. তারিকুল ইসলামকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ছাড়া খিলগাঁও থানাধীন সিপাহিবাগ এলাকায় অভিযান চালিয়ে মোসা. রূপাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই টিম সবুজবাগ থানাধীন বাসাবো কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে মো. লিটনকে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
পরবর্তী সময়ে মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন ও মো. আনোয়ার হোসেনকে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটটি মোবাইল কোর্ট মামলা করা হয়। এসব মামলায় আট আসামির কাছ থেকে মোট ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন। এ সময় মোট ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

-6a991b4abf747.jpg)