নারী উদ্যোক্তার সঙ্গে আল-নাসের অ্যাভিয়েশন মালিকের প্রতারণা, থানায় জিডি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
আল নাসের অ্যাভিয়েশন সার্ভিসেসের মালিক ড. আব্দুল্লাহ আল নাসের। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে ট্রাভেল এজেন্সি এবং হজ্ব ও উমরাহ ব্যবসার লাইসেন্স হস্তান্তরের নামে এক নারী উদ্যোক্তাকে প্রতারণা ও পরবর্তীতে দেশ-বিদেশে তার বিরুদ্ধে চরিত্র হননমূলক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আল নাসের অ্যাভিয়েশন সার্ভিসেসের মালিক ড. আব্দুল্লাহ আল নাসেরের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারী উদ্যোক্তা মারুফা ইয়াসমিন বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। প্রতারণা ও হেনস্থার প্রতিকার চেয়ে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৩০ আগস্ট রাজধানীর পল্টন থানায় অভিযুক্ত ব্যবসায়ী ড. আব্দুল্লাহ আল নাসেরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মারুফা ইয়াসমিন জানান, তার ট্রাভেল ও হজ্ব-উমরাহ ব্যবসা পরিচালনার সুবিধার্থে ড. আব্দুল্লাহ আল নাসের নামে এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর কাছ থেকে একটি লাইসেন্সের শতভাগ মালিকানা কেনার চুক্তি করেন। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উভয় পক্ষের মধ্যে এই আইনি চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, লাইসেন্স বিক্রির নির্ধারিত সম্পূর্ণ মূল্য ড. আব্দুল্লাহ আল নাসেরকে বুঝিয়ে দেন মারুফা ইয়াসমিন।
তবে অভিযোগ উঠেছে, চুক্তির শর্ত মোতাবেক শতভাগ অর্থ বুঝে পাওয়ার পরও ড. আব্দুল্লাহ আল নাসের লাইসেন্সসহ এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো আনুষঙ্গিক কাগজপত্র মারুফা ইয়াসমিনকে বুঝিয়ে দেননি। উল্টো চুক্তিগত বাধ্যবাধকতা ও আইনি দায়বদ্ধতা থেকে নিজেকে আড়াল করতে এবং বেআইনি সুবিধা হাসিলের উদ্দেশ্যে তিনি ভুক্তভোগী নারী উদ্যোক্তার বিরুদ্ধে মিথ্যা মনগড়া অভিযোগ ছড়াতে শুরু করেন।
জিডি ও ভুক্তভোগীর তথ্যে জানা যায়, আব্দুল্লাহ আল নাসের সৌদি আরবের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মারুফা ইয়াসমিনের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে স্বাক্ষর ও সিলমোহর জাল করা এবং মানবপাচারের মতো স্পর্শকাতর ও ফৌজদারি অপরাধের সঙ্গে তাকে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলে পল্টন থানায় করা জিডিতে অভিযোগ করেন মারুফা ইয়াসমিন।
ভুক্তভোগী মারুফা ইয়াসমিন এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, কোনো ব্যবসায়িক বা চুক্তিগত বিরোধ থাকলে তা নিষ্পত্তির জন্য দেশের প্রচলিত আইনি রয়েছে। কিন্তু আইনের পথ এড়িয়ে একজন নারী উদ্যোক্তাকে ব্যবসায়িকভাবে পঙ্গু করতে এবং তার দীর্ঘদিনের সামাজিক মর্যাদা নষ্ট করতে বিভিন্ন মহলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
মারুফা ইয়াসমিন বলেন, ড. আব্দুল্লাহ নাসের চক্রটি আমাদের ব্যবসায়িক নেটওয়ার্ক বাংলাদেশ, সৌদি আরব ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি বলে এসব বানোয়াট মিথ্যা প্রচারণার ফলে আন্তর্জাতিক সহযোগী ব্যবসায়ী ও গ্রাহকদের কাছে আমার ভাবমূর্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার বিকালে আব্দুল্লাহ আল নাসেরের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
