Logo
Logo
×
   

রাজধানী

পর্দা নামল ভিএলএসআইথন ৩.০, চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডেভিয়েশন’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম

পর্দা নামল ভিএলএসআইথন ৩.০, চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডেভিয়েশন’

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের সেমিকন্ডাক্টর ও ভিএলএসআই খাতের অন্যতম বড় প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেভিয়েশন’। প্রথম রানার্স-আপ হয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ভলটিক্স’ এবং দ্বিতীয় রানার্স-আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেনসিটি ডিমনস’।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে দেড় মাসব্যাপী এই আয়োজনের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় সারা দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১০৬টি দল অংশ নেয়। এতে মোট ২০৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিষ্ঠান উল্কাসেমির আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) সঙ্গে যৌথভাবে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় অনুষ্ঠিত হয় ভিএলএসআইথন ৩.০।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডেভিয়েশন’ দল পুরস্কার হিসেবে পেয়েছে ১ লাখ টাকা। প্রথম রানার্স-আপ ‘ভলটিক্স’ পেয়েছে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স-আপ ‘ডেনসিটি ডিমনস’ পেয়েছে ৪০ হাজার টাকা।

এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘প্লেস অ্যান্ড রাউট’ (পিএনআর) ডোমেইন। শুরুতে সেমিনার ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তাত্ত্বিক জ্ঞান ও ইডিএ টুলের ওপর পরীক্ষা নিয়ে সেরা ১০টি দল নির্বাচন করা হয়। সেরা ১০ দল থেকে কেস সলভিং ও উপস্থাপনা পর্বের মাধ্যমে চূড়ান্তভাবে সেরা তিনটি দল নির্বাচন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমানও উপস্থিত ছিলেন।

উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ভিএলএসআইথন একাডেমিক পড়াশোনা ও শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধ তৈরি করছে। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেক শিক্ষার্থী বর্তমানে উল্কাসেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কাজ করছেন।

তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সরাসরি শিল্পখাতের উপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের ভিএলএসআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম