প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টায় যুবক আটক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টাকারী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পরপরই এ ঘটনা ঘটে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে। নিরাপত্তার স্বার্থে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কের বাম পাশের লেনটি বন্ধ করে দিয়েছিল পুলিশ। তবে ডান পাশের লেন দিয়ে ফার্মগেটের দিকে যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পরই খামারবাড়ি মোড় থেকে বন্ধ থাকা বাম দিকের লেনে ওই মোটরসাইকেলচালক প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত সার্জেন্ট তাকে থামিয়ে দেন এবং পরবর্তীতে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে মোটরসাইকেলসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে আটক যুবক পুলিশকে জানিয়েছেন, বাম পাশের লেনটি যে বন্ধ ছিল, সেই বিষয়টি তিনি জানতেন না। অসাবধানতাবশত তিনি সেখানে ঢুকে পড়েছিলেন।
তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে ওই যুবকের পূর্ববর্তী কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না তা যাচাই করা হয়েছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি। তারপরও তাকে আরও জিজ্ঞাসাবাদ এবং সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

-6a9c26238f12b.jpg)