শাহ আলী মাজার এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শাহ আলী মাজার এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ মো. মাহবুবুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আলী মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাতে শাহ আলী মাজার এলাকায় একটি মেয়েকে কেন্দ্র করে মেহেদীর সঙ্গে মাহবুবুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহবুবুর ছুরি দিয়ে মেহেদীকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই সময় উপস্থিত লোকজন মাহবুবুরকে আটক করে পুলিশে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়।
নিহতের ভাবি লামিয়া আক্তার জানান, রাত সাড়ে ১২টার দিকে শাহ আলী মহিলা কলেজের সামনে মেহেদীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মেহেদীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই সজীব হোসেন বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার মাহবুবুরকে দুই দিনের রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
নিহত মেহেদী হাসান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মো. আলমের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, মেহেদী মাজারকেন্দ্রিক এলাকায় বসবাস করতেন।
