জলাবদ্ধতায় ধীরগতি, মতিঝিলমুখী সড়কে দীর্ঘ যানজট
Advertisement
সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
কোথাও কোথাও দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।
|
ফলো করুন |
|
|---|---|
ভারি বৃষ্টিতে রাজধানীর মতিঝিলমুখী প্রায় সব সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় সকাল থেকে মতিঝিল, পল্টন, আরামবাগ, ফকিরাপুল, কাকরাইল, শান্তিনগর, রাজারবাগ ও গুলিস্তানসহ আশপাশের সড়কগুলোতে যানজট ছড়িয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে মতিঝিলের দিকে আসা বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। আরামবাগ মোড় থেকে ফকিরাপুল, কাকরাইল থেকে পল্টন এবং রাজারবাগ, শান্তিনগরসহ বিভিন্ন পয়েন্টে গাড়ি ধীরগতিতে চলছে। কোথাও কোথাও দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।
সড়কে পানি জমে থাকায় বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাসহ সব ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। একটি সড়কের যানজট দ্রুত অন্য সড়কেও ছড়িয়ে পড়ছে। ফলে মতিঝিলমুখী প্রবেশপথগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে।
রাজারবাগে যানজটে আটকে থাকা জামান হোসেন বলেন, সকালে বৃষ্টির পর থেকেই যানজট শুরু হয়েছে। জলাবদ্ধতার কারণে গাড়ি সামনে এগোতে পারছে না। প্রায় এক ঘণ্টা ধরে গাড়িতে বসে আছেন, কিন্তু তেমন কোনো অগ্রগতি নেই।
শান্তিনগরে আটকে থাকা যাত্রী কামরুজ্জামান বলেন, সকাল ৯টা থেকে গাড়িতে বসে আছি। ১১টা বাজতে চললেও যানজট কমেনি। রাস্তায় পানি থাকায় গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
কাকরাইল মোড়ে দায়িত্ব পালন করা সার্জেন্ট মোহাম্মদ রাসেল বলেন, বৃষ্টির পর জলাবদ্ধতার কারণে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। পানি কমে আসার সঙ্গে সঙ্গে যানজটও কিছুটা কমছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে।
জলাবদ্ধতার পাশাপাশি মতিঝিলমুখী সড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। দীর্ঘ যানজটে আটকে থেকে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

