Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

বিমানের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

Advertisement

Icon

বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

বিমানের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

এর নেপথ্যে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কিনা, তা শনাক্তে অনুসন্ধান শুরু করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে বিমানের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। টানা প্রায় চার ঘণ্টার তল্লাশিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পরপরই পূর্বপ্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটিতে নিবিড় তল্লাশি শুরু করেন।

দীর্ঘ সময় ধরে বিমানের বিভিন্ন অংশে তল্লাশি চালানোর একপর্যায়ে টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পান কর্মকর্তারা। পরে সেগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। ৫০টি স্বর্ণবারের মোট ওজন ৫০০ তোলা, যা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজির সমান। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এর নেপথ্যে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কিনা, তা শনাক্তে অনুসন্ধান শুরু করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের বড় চালান শনাক্ত ও জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম