শীত আসছে, সতর্ক করলেন ডিএমপি কমিশনার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১১:২৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশে শীতকালে ছিনতাই ও ‘টানা পার্টির’ দৌরাত্ম্য বেড়ে যায় জানিয়ে এই সময়টায় পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার মহানগর পুলিশ সদরদপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই সতর্ক করেন।
ডিএমপি কমিশনার বলেন, ডিসেম্বর-জানুয়ারি মাসে ছিনতাই ও টানা পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়, এজন্য আমাদের আরও বেশি চোখ-কান খোলা রাখতে হবে।
ছিনতাইকারীদের পাশাপাশি যারা এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে তাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহের ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য চাকরি করি। এ সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে করোনাভাইরাস মহামারির শুরুর দিকের কথা মনে করিয়ে দেন তিনি।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, করোনার শুরুতেই পুলিশ ফ্রন্টফাইটার হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি, যেভাবে পেরেছি সাধ্য মত এদেশের মানুষের সেবা করেছি। মিডিয়াতে তা ব্যাপকভাবে প্রচার হওয়ায় পুলিশ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, ডিএমপির কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সকল উপ-পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জরা সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ‘টিম ডিএমপি অপরাজেয়’ এ বিশ্বাস যেন সকলের থাকে।
পুলিশ কমিশনার অক্টোবর মাসে ঢাকা মহানগরে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, কৃষ্ণ পদ রায়, এ কে এম হাফিজ আক্তার, মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
