Logo
Logo
×
   

রাজধানী

কাপ্তানবাজার মাছের আড়তে সক্রিয় সিন্ডিকেট চক্র, ইজারাদারের জিডি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৬:৪৯ পিএম

কাপ্তানবাজার মাছের আড়তে সক্রিয় সিন্ডিকেট চক্র, ইজারাদারের জিডি

প্রায় চার দশকের বেশি সময় ধরে রাজধানীর কাপ্তানবাজার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই কাপ্তানবাজারকে কেন্দ্র করে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট; যাদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের। 

সম্প্রতি কাপ্তানবাজারের মাছের আড়তকে কেন্দ্র করে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। গত ১৬ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে কাপ্তানবাজার ইজারা দেওয়া হয় মো. কামরুজ্জামানকে। তিনি বাজারে সিটি করপোরেশনের নিয়ম ও নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করতে গেলে বাধার সম্মুখীন হন। 

সক্রিয় এই সিন্ডিকেট চক্রের বাহাউদ্দিন, ফখরুল, ময়না, মমিনের নাম উল্লেখ করে পহেলা জানুয়ারিতে সাধারণ ডায়েরি করেন ইজারাদার। 

সাধারণ ডায়েরিতে বলা হয়েছে- ইজারাদার মো. কামরুজ্জামান তার কার্যক্রম পরিচালনা করতে গেলে তার গায়ে হাত তুলে বাহাউদ্দিন, ফখরুল, ময়না, মমিনসহ বেশ কয়েকজন। এমনকি তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

গত বছরের ১৬ অক্টোবর ডিএসসিসি থেকে ইজারার নির্দেশনায় বলা হয়- বাজার তদারকি ও নিয়মিত টোল আদায়ের জন্য সিটি করপোরেশনের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদারকি করবেন। কোনো অবস্থাতে ডিএসসিসি অনুমোদিত টোল রেটের বেশি আদায় করা যাবে না। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি শর্তাবলী; যার কোনটাই এই সিন্ডিকেটের প্রভাবে কার্যকর করতে পারছে না ডিএসসিসির ইজারাদার মো. কামরুজ্জামান। 

তিনি বলেন, শক্তিশালী এই সিন্ডিকেটের কাছে দক্ষিণ সিটি করপোরেশন অসহায়। সেখানে আমি নিরুপায় হয়ে সরকারের সাহায্য চাই। আমি কার্যক্রম শুরু করতে গেলে বাহাউদ্দিন, ফখরুল আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাদের প্রভাবে আমি ভীতসন্ত্রস্ত হয়ে স্থানীয় কাউন্সিলর আহম্মেদ ইমতিয়াজ গৌরবকে অবগত করি। এ বিষয়ে আমি সিটি করপোরেশন ও কাউন্সিলরের কাছে লিখিত দরখাস্ত প্রেরণ করি।

৩৮নং ওয়ার্ড কাউন্সিলর আহম্মেদ ইমতিয়াজ মন্নাফি গৌরব জানান, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার জনগণের কথা চিন্তা করব। এর পাশাপাশি আমার দায়িত্ব রাষ্ট্রের একজন জনপ্রতিনিধি হিসেবে সিটি করপোরেশনের রাজস্ব আদায়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা মেনে কাজ করার। যারা দীর্ঘদিন এই কাপ্তানবাজার কুক্ষিগত করে সরকারের রাজস্ব নষ্ট করছে, তারা কখনই রাষ্ট্রের ভালো চায় না বলে জানান ৩৮নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর এবং এই সিন্ডিকেটের বিষয়ে আমরা শিগগিরই ব্যবস্থা নেব।

কাপ্তানবাজার জিডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম