নাসিরনগরে চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাতের আঁধারে ছুরিকাঘাতে এক চা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রহমান মিয়া (২৮) উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের শফিক মিয়ার ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা জানা গেছে, রহমান মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মধ্যরাতে বাড়িতে ফেরেন। স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে তিনি ঘরের বাইরে যান।
কয়েক মিনিট পর রহমান মিয়ার চিৎকারে পরিবার ও তার আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা রকিলা বেগম বলেন, রাতে বাড়ির পাশে আমার ছেলের চিৎকার শুনে বের হয়ে দেখি ৩-৪ জন তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দৌড়ে চলে যাচ্ছে।
নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
