অর্থাভাবে সন্দ্বীপের সেরা সাত সাঁতারুর স্বপ্নভঙ্গ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সন্দ্বীপের বিজয়ী ৭ সাঁতারুর ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। খরচ ও দায়িত্ব এড়ানোর অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পাঠাতে অনীহা দেখাচ্ছে।
সাতজন সাতারু হচ্ছেন- সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষার্থী সালাউদ্দিন, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের দুর্জয় দাস, জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ের সাব্বির হোসেন, কাটগড় ইসলামিয়া মাদরাসার তানভীর হাসান, বশিরিয়া মাদরাসার আনাস হোসেন, আবদুল খালেক একাডেমির আজমীর ও শেখ মুহাম্মদিয়া মাদরাসার মাহিন রহমান।
৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে দুটি বিভাগে (ক ও খ) বিভিন্ন সাঁতারের সাতটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২২ সেপ্টেম্বর। এখান থেকে ১ম স্থান অধিকারী সাতজন প্রতিযোগীর জেলা পর্যায়ে অংশ নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান যুগান্তরকে জানান, চট্টগ্রামে যাতায়াত, থাকা-খাওয়া ব্যয়বহুল হওয়ায় খরচ বহন করা সম্ভব নয়। বিজয়ী শিক্ষার্থীরা বলছেন, সুযোগ এবং পর্যাপ্ত প্রশিক্ষণ পেলে জেলা পর্যায়েও ভালো করার মতো সক্ষমতা তাদের রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা যুগান্তরকে বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা দেখাক। প্রয়োজনে উপজেলা প্রশাসন সহায়তা দেবে। কিন্তু খরচের অজুহাতে সুযোগ বঞ্চিত করা ঠিক নয়।’
