প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতা নিহত, স্বামী-স্ত্রী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানা পুলিশ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মানসুরাকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিহত আব্দুল মান্নান (৭৫) ওই গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র। তিনি সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের দক্ষিণ ভাদিয়ালীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আদালতের নির্দেশে প্রশাসন আনুষ্ঠানিকভাবে ঢাকঢোল পিটিয়ে হাফিজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ৭৯ শতক জমির দখল বুঝিয়ে দেয়। বুধবার সকালে সেই জমিতে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে পুনরায় বিরোধ দেখা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আব্দুল মান্নান (৭৫) আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বোন রাশিদা খাতুন, চাচাতো ভাই চাচাতো ভাই আবুল খায়ের বলেন, হাফিজুল এক স্থানের জমি বোনদের কাছ থেকে কিনে ভিন্ন স্থানের জমি রেকর্ড করে নেওয়ায় সেই জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার সেখানে বাঁশের খুঁটি পুঁতাকে কেন্দ্র করে হাফিজুল গংদের আঘাতে আব্দুল মান্নান মারা যান। সেই সময় আব্দুল মান্নানের ভাগ্নে ইকরামুল (৪০) আহত হন।
হাসপাতাল চত্বরে নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা থানার এসআই নাসির জানান, জমিজমা বিরোধের ঘটনায় মারামারিতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগ পেয়েছি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বাপ্পি কুমার দাস জানান, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত নই। পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।
