Logo
Logo
×
   

সারাদেশ

আলীকদম সীমান্তের পাশে আরকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ চলছে

Icon

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম

আলীকদম সীমান্তের পাশে আরকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ চলছে

আলীকদমের সীমান্তবর্তী এলাকা। ছবি: যুগান্তর

বান্দরবানের আলীকদম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে লংপংপাড়া এলাকায় আরকান আর্মি (এএ) ও আরসা-আরএসওর মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সীমান্তবর্তী ম্রো বাসিন্দারা মিয়ানমারে থাকা তাদের আত্মীয়দের বরাত দিয়ে জানান, সীমান্ত পিলার ৫৫ ও ৫৬ এলাকায় গত ১৬ সেপ্টেম্বর থেকে টানা গোলাগুলি শুরু হয়। এ সময় ১৮ সেপ্টেম্বর আরসা ও আরএসও যৌথভাবে ওয়াই হ্লান ক্যাম্পে হামলা চালালে আরকান আর্মির কয়েকজন সদস্য নিহত হন। তবে ক্যাম্পটি দখল নিতে সক্ষম হয়নি আরসা ও আরএসও। এখনো ওই ক্যাম্পে আরকান আর্মির পতাকা উড়ছে।

স্থানীয় তংমে ম্রো জানান, আরকান আর্মিকে হটাতে আরসা-আরএসওর সঙ্গে সীমান্তবর্তী এলাকার কিছু স্থানীয় সম্প্রদায়ও সহযোগিতা করছে। তবে এখনো ওয়াই হ্লান ক্যাম্পটি আরসাসহ অন্যরা নিয়ন্ত্রণে নিতে পারেনি।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, সীমান্তের ওপারে এখনো আরকান আর্মির নিয়ন্ত্রণ বজায় আছে। তবে আরসা, আরএসও এবং স্থানীয় কিছু গোষ্ঠী মিলে যুদ্ধ চালাচ্ছে। এ সংঘর্ষের কারণে সীমান্তবর্তী অনেক ম্রো পরিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে। ইতোমধ্যে শতাধিক ম্রো বাংলাদেশে প্রবেশের সময় পুশব্যাক হয়েছে।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত পিলার ৫৫ ও ৫৬ এর মাঝামাঝি জিরো পয়েন্ট থেকে মিয়ানমারের অভ্যন্তরে লংপংপাড়া এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে হতাহতের সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা প্রতিরোধে বিজিবি সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .