Logo
Logo
×
   

সারাদেশ

মব সৃষ্টি করে বিধবার টাকা ও চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম

মব সৃষ্টি করে বিধবার টাকা ও চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে ফুল কুমারী গোমেজ (৪৫) নামে এক বিধবা নারীর বাড়িতে মব সৃষ্টি করে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ওই নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। 

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিঘইর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফুল কুমারী গোমেজ দিঘইর গ্রামের মৃত করনেলিউস গোমেজের স্ত্রী।  

অভিযুক্তরা হলেন- উপজেলার চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে নিসান হাসান (২২), কুশমাইল গ্রামের আজিমুদ্দিনের ছেলে নয়ন হোসেন (২৩) সরাবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও ময়লাল আলীর ছেলে হৃদয় হাসান (২১)। তাদের মধ্যে নিসান জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, নয়ন সিনিয়র সহ-সভাপতি, কামরুল সাংগঠনিক সম্পাদক ও হৃদয় ছাত্রদল কর্মী।  

জানা যায়, একমাত্র মেয়ে ঢাকায় লেখাপড়া করায় ওই বিধবা নারী একাই বাড়িতে থাকেন। মঙ্গলবার রাতে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলতে না চাইলে ঘরে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেন। পরে দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে তল্লাশি চালান। এ সময় বিছানার নিচ থেকে ৫ হাজার টাকা ও ওই নারীর গলা থেকে সোনার মালা নিয়ে চলে যান।

ফুল কুমারী গোমেজ বলেন, আমি বারবার অনুরোধ করার পরও তারা আমার কথা শোনেনি। তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। আমি এই ঘটনার বিচার চাই। 

অভিযুক্ত নিসান হাসান বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নাই। তবে ওই মহিলা মদ তৈরি করেন। আমরা মদ বিক্রিতে বাধা দেওয়ায় তিনি এ ধরনের অভিযোগ করতে পারেন। 

নাম প্রকাশ না করার শর্তে চরগোবিন্দপুর গ্রামের এক ব্যক্তি বলেন, ছাত্রদল নেতা নিসান ঈশ্বরদীর একটি হত্যা মামলার আসামি। তবে তিনি এখন জামিনে আছেন। তার বাবা গোলজার হোসেন ধর্ষণ চেষ্টা মামলার আসামি হিসেবে জেলহাজতে রয়েছেন।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .