Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জামায়াতের মার্কা মুখস্থ করানোর ঘটনায় প্রধান শিক্ষকের অপসারণ দাবি

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৮ এএম

জামায়াতের মার্কা মুখস্থ করানোর ঘটনায় প্রধান শিক্ষকের অপসারণ দাবি

পুলিশের সঙ্গে কথা বলছেন শিক্ষার্থীরা। ছবি: যুগান্তর

Advertisement

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের আটকে রেখে জামায়াত প্রার্থীর মার্কার নাম মুখস্থ করানোর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছে।

সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে এ বিষয়ে স্মারকলিপি দেয়।

২৭ নভেম্বর দুপুর ১২টার দিকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার অ্যাসেম্বলি চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মাগুরা-১ এবং মাগুরা-২ নির্বাচনি আসনের জামায়াত ইসলামী দলের মনোনীত দুই প্রার্থী আবদুল মতিন এবং এমবি বাকেরকে শিক্ষার্থীদের কাছে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের বারবার উচ্চারণের মাধ্যমে নিজেদের নামের সঙ্গে সঙ্গে দলীয় প্রতীকের নাম মুখস্থ করান।

এ ঘটনার পর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ২ নভেম্বর যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সোমবার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল করে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাকিল, স্বাক্ষরসহ বিভিন্ন শিক্ষার্থীরা বিদ্যালয়টিকে রাজনীতিমুক্ত রাখার পাশাপাশি অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি জানিয়ে বক্তব্য দেয়। পরে দাবি আদায়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জেলা শিক্ষা অফিসারকে অনুলিপি দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে। 

পরে বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও জড়ো হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা জেলা প্রশাসক মু. অহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তদন্তে জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম