‘জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী চাঁদাবাজি নির্মূল করা হবে’
Advertisement
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দাঁড়িপাল্লা প্রতীকে হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত দুই প্রার্থী।
শনিবার সকালে সুনামগঞ্জ-৪ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদদীনের সমর্থনে বিশাল মোটর শোভাযাত্রা সুনামগঞ্জ শহরের জুবিলীর মাঠ থেকে বিশ্বম্ভরপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এক নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদদীন বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা অবহেলিত একটি অঞ্চল। এ অঞ্চলকে গড়ে তুলতে হলে সৎ নেতৃত্ব বাছাই করতে হবে। জামায়াত এ দেশটাকে একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। জামায়াত চাঁদাবাজ ও সন্ত্রাস চায় না। জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী, চাঁদাবাজি চিরতরে নির্মূল করা হবে। এসময় তিনি আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানান।
এদিকে শনিবার দুপুরে সুনামগঞ্জ- ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন তাহিরপুর উপজেলায় হাজারো কর্মী, সমর্থকদের নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন। পরে উপজেলা চত্বরে দাঁড়িপাল্লার সমর্থনে এক নির্বাচনী সমাবেশ করেন তিনি।
সেখানে জামায়াত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেন, বাংলাদেশে যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা দেশটিকে নিজেদের ভোগ-বণ্টনের সম্পদ মনে করেছে। দখলবাজি, লুটপাট আর স্বার্থসিদ্ধির রাজনীতি চালিয়ে তারা কৃষক, শ্রমিক, মজুরের ঘামে উপার্জিত অর্থ দিয়ে নিজেদের কোষাগার ভরেছে।
এই অসুর শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এটাই এখন সময়ের দাবি। শুধুমাত্র সৎ নেতৃত্ব, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সত্যিকার অর্থে মুক্ত করা সম্ভব। জামায়াত ক্ষমতায় গেলে সত্যিকার অর্থে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধক্ষ্য রুকন উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।
