‘হাসিনা হলফনামায় তথ্য গোপন করলেও মনোনয়ন বাতিল করা যায়নি’
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন রোববার সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের গণশুনানিতে অংশ নেন। ঘুস নেওয়ার অভিযোগে এমএজি ওসমানী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান শেখর দাসকে বরখাস্তের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।
এ সময় তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা তার নির্বাচনি হলফনামায় কৃষি সম্পত্তির তথ্য গোপন করেছিলেন। শেখ হাসিনা হলফনামায় কৃষি সম্পত্তি ৫.২ একর দেখালেও দুদকের অনুসন্ধানে ২৯ একরের সন্ধান মেলে। সেই সময় দুদক তদন্ত করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি।
দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীরা নির্বাচনি হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও বাধ্যতামূলকভাবে উল্লেখ করবেন। অনুপার্জিত সম্পদের হিসাব না দিলে দুদক ব্যবস্থা নেবে। তিনি সৎ লোককে নির্বাচিত করার ওপর জোর দেন, অন্যথায় দুর্নীতি কমবে না।
তিনি বলেন, সিলেট একটি ধনী জেলা হওয়ায় দুর্নীতি কিছুটা বেশি হতে পারে।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে অনুষ্ঠিত গণশুনানিতে নাগরিকরা বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৭৩টি অভিযোগ উত্থাপন করেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান শেখর দাসকে কেন্দ্র করে। চাকরির কথা বলে দুই লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ ওঠায় দুদক চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে শেখর দাসকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন এবং তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কের কাজে ধীরগতি ও বিমানের টিকিটের উচ্চমূল্যসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান। গণশুনানিতে পাসপোর্ট অফিসে ঘুস, হাসপাতালে টিকিটে অতিরিক্ত মূল্য ও গ্যাস সংযোগে অনিয়মসহ একাধিক অভিযোগ ওঠে। প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
দুদক চেয়ারম্যান বলেন, দুদকে শুধু দীর্ঘসূত্রিতা নয়, দুদকে দুর্নীতিও আছে।
তিনি আরও জানান, দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই, তবে সহকর্মীরা অনেক দুর্নীতির তথ্য চাপা দেন। তিনি দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে গণমাধ্যমকে আহ্বান জানান। তিনি সাদাপাথর লুটকাণ্ডের প্রসঙ্গ টেনে জড়িতদের পার্লামেন্টে দেখতে চান কিনা, সেই প্রশ্নও তোলেন।
