Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ

Advertisement

চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের উপর পড়ে ছিল মোটরসাইকেল আরোহী এক নৌবাহিনী সদস্যের মরদেহ। ওই নৌবাহিনী সদস্যের নাম দেলোয়ার হোসেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ওই মহাসড়কের চিকনদণ্ডী ইউনিয়নের বড়দীঘিরপাড় ও লালিয়ারহাটের মধ্যবর্তী মিস্ত্রিঘাটা নামক এলাকা থেকে ওই নৌবাহিনী সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় ওই নৌবাহিনী সদস্য নিহত হয়েছেন।

নিহত দেলোয়ার হোসেন (২৯) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। নিহত দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ উল্লাহ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে ওই এলাকায় মোটরসাইকেলসহ দেলোয়ার অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে পথচারীরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি।

এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার এসআই জাফর আহমদ গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। তার একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি বাংলাদেশ নৌবাহিনীর সেইলর পদে কর্মরত ছিলেন। নিহতের মরদেহ এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম