কৃষকের পাকা ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
জমির পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে এক কৃষকের ৯৬ শতক জমির পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরআফজল গ্রামের সামা এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সত্যরঞ্জন দাস। তিনি ওই এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় সত্যরঞ্জন দাস বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গত কয়েকদিন আগে তিনি ৯৬ শতাংশ জমির পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তার সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, অনেক ধার-দেনা করে ধান চাষ করেছি। কয়েকদিন ধরে কেটে রাখা ধান বাড়িতে নেওয়ার আগেই দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার সব শেষ হয়ে গেল। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা কী কারণে আগুন দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

