Logo
Logo
×
   

সারাদেশ

গাড়িতে ঘুসের ৩৬ লাখ টাকা, নির্বাহী প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

গাড়িতে ঘুসের ৩৬ লাখ টাকা, নির্বাহী প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে অবৈধভাবে সংগৃহীত ৩৫ লাখ ৯৫ হাজার টাকা বহন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

সোমবার (৫ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানজির আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

এ মামলায় বলা হয়, ২০২৫ সালের ১৩ মার্চ তৎকালীন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম তার সহযোগী গোবিন্দগঞ্জের মাস্টারপাড়ার বাসিন্দা শ্রী বাপ্পি কুমার দাস ও তার ছেলে বিন্তু কুমার দাসকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে রাত ১১টার দিকে নাটোর জেলার সিংড়া থানার চলনবিল গেট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে পুলিশের চেকপোস্টে পৌঁছায়। এ সময় পুলিশ প্রাইভেটকারে তল্লাশি করে। তল্লাশির সময় প্রাইভেটকারের পেছনের ডালায় রাখা একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ খুলে দেখা যায় ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা।

টাকাসহ সিংড়া থানার পুলিশ নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম ও তার দুই সহযোগীকে থানায় নিয়ে যায়। তারপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে টাকা ব্যাগ থেকে টাকা বের করে গণনা করা হলে দেখা যায় ব্যাগে ৩৬ লাখ ৯৫ হাজার ৩শ টাকা রয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ি থেকে উদ্ধার করা টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারেনি টাকা বহনকারী নির্বাহী প্রকৌশলীসহ অন্যরা। পরে সিংড়া থানা পুলিশ আদালতের নির্দেশে  টাকা গুলো জব্দ করে সোনালী ব্যাংক নাটোর শাখায় জমা দেওয়া হয়।

এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সোমবার (৫ জানুয়ারি) মামলা দায়ের করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .