বাংলাদেশি স্কুলছাত্রী গুলিবিদ্ধ
মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর ৫২ সদস্যকে আটক করেছে বিজিবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনার পর মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর ৫২ সদস্যকে আটক করেছে বিজিবি।
গুলিবিদ্ধ হুজাইফা সুলতানা আপনান (৮) হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেচ্ছি ব্রিজ এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার প্রান্ত থেকে ছুটে আসা গুলিটি শিশুটির মাথায় লাগে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আহত শিশুর দাদা আবুল হাশেম।
এ ঘটনায় এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে দীর্ঘ সময় জনদুর্ভোগ সৃষ্টি হয়। ওই ঘটনায় একটি বিজিবির গাড়িও ভাঙচুর হয়েছে। তবে ওই গাড়ি কে ভাঙচুর করেছে তা জানা যায়নি।
পরে খবর পেয়ে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী,নৌবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। পাশাপাশি স্থানীয় সাবেক এমপি ও বিএনপির প্রার্থী কক্সবাজার-৪ এর শাহজাহান চৌধুরী তাৎক্ষণিক এসে জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করার জন্য চেষ্টা চালান। পরে এলাকাবাসী জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধের ভিত্তিতে সড়ক অবরোধ ছেড়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
পরে রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমদের নেতৃত্বে বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তের তেচ্ছি ব্রিজের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর ৫২ সদস্যকে আটক করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। যাদের মধ্যে রোহিঙ্গা সলভেশন আর্মির ৩ জন, রোহিঙ্গা ইসলামী মাহাস সংগঠনের ১৮ জন, এআরএ আরাকান রোহিঙ্গা আর্মির ২৯ জন এবং ২ জন বাংলাদেশের কাঁকড়া শিকারি রয়েছেন। তবে এদের মধ্যে একজন আহত হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ হরা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে মিয়ানমারের ওপারে কোয়াইক্যং তেচ্ছি ব্রিজের পূর্বে থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা আরাকান দখলকে কেন্দ্র করে ওই কাণ্ড ঘটাচ্ছেন। যার ছোড়া গুলি এপারে এসে স্কুলছাত্রীর গায়ে পড়ে আহত হন।
সাবেক এমপি শাহজাহান চৌধুরী বিক্ষুব্ধ জনতার উদ্দেশে বলেন, আমি সরকারের বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছি; যে গুলিবিদ্ধ হয়েছে সেই মেয়েটির পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আপনারা শান্ত থাকেন। কারণ এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটির জন্য সড়ক অবরোধ করে জনগণকে কষ্ট দেওয়া ঠিক হবে না। রাষ্ট্রীয় বাহিনীকে তাদের কাজ করতে দিন। তারা যদি আপনাদের সঙ্গে বৈরিতা বা অন্যায় করেন প্রয়োজনে আমিও আপনাদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব।
