Logo
Logo
×
   

সারাদেশ

ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি

Icon

ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি

ঢাকার ধামরাইয়ে অবৈধ পাঁচ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে ইট তৈরির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সান ব্রিকস নামে একটি ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে বিসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

সূত্র জানায়, ঢাকার ধামরাই উপজেলায় সোমভাগ ইউনিয়ন এলাকায় পরিবেশ ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমতিপত্রসহ সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে বেশ কিছু প্রতিষ্ঠান ইট তৈরি করে আসছিল। এসব অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান চালান ঢাকা পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় মেসার্স এ কে খান ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স ইউএসএ ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস ও মেসার্স ডাউটিয়া ব্রিকসকে ৬ লাখ করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা ও মেসার্স সান ব্রিকসের চিমনি ধ্বংস করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধামরাই উপজেলার বিসিক শিল্পাঞ্চল এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। সেই পরিপ্রেক্ষিতেই সারা দিনব্যাপী পাঁচটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংসের পাশাপাশি এসব ভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .