সুন্দরবন থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
হরিণ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত ২১০টি মালা ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহলফাঁড়ির ফুলখালী এলাকা থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়।
কলাগাছি টহলফাঁড়ির ফরেস্টার তাইবুর রহমান, শাহিনুর রহমানসহ স্থানীয় সিপিজির সদস্যরা ফাঁদ উদ্ধারের অভিযানে অংশ নেন।
অভিযানের বিষয় নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক জানান, বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযানের বিকল্প নেই। এ ব্যবস্থার মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলের নিরীহ প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব।
তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা নানা কৌশলে সুন্দরবনের মধ্যে ঢুকে সুবিধামতো স্থানে ফাঁদ পেতে রাখছে। ফাঁদে হরিণসহ নানা প্রজাতির প্রাণী আটকা পড়ে মারা পড়ছে। যে কারণে সাম্প্রতিক সময়ে সুন্দরবনের অভয়ারণ্যেও ফুট পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়ায় নিরীহ প্রাণীগুলোকে রক্ষা করা সহজ হবে। প্রতিটি স্টেশন ও টহলফাঁড়ির আওতাধীন এলাকায় নিয়মিত ফুট পেট্রোলিং প্রবর্তন করার কথাও জানান তিনি।
