বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১০
Advertisement
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু উপলক্ষে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে জড়ো হন। এ সময় ফেরি সার্ভিস চালুর কৃতিত্ব কে নেবে—এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে পুরো নলচিরা ঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয়পক্ষের নেতাকর্মীরা পালটা পালটি স্লোগান দিতে থাকেন এবং একে অপরকে ধাওয়া করেন। এতে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, আর গুরুতর আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা ফারুক আহমেদ বলেন, ফেরি চালুর ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপকে এলাকা থেকে বের করে দিতে গেলে হাতাহাতি শুরু হয়। এতে অনেক মানুষ আহত হয়েছেন।
এদিকে ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
তিনি বলেন, ফেরি উদ্বোধনের সময় নলচিরা ঘাটে এনসিপির নেতৃবৃন্দের ওপর পরিকল্পিতভাবে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। বারবার এসব সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানানো হলেও প্রশাসনের ভূমিকা দুঃখজনকভাবে নির্বিকার। আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমি নিজেই হাতিয়ার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত অপরাধীদের আইনের আওতায় আনা না হবে, ততক্ষণ এই কর্মসূচি চলবে।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, ফেরি সার্ভিস চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, মারামারির খবর শুনেছি। তবে আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হলে হাতিয়ার প্রায় ৭ লাখ মানুষের যাতায়াত, যানবাহন ও মালামাল পরিবহণ অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।
