শরীয়তপুরে ‘জনগণের মুখোমুখি’ প্রশ্নোত্তর অনুষ্ঠানে প্রার্থীরা
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মুখোমুখি হয়েছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের ৮ জন সংসদ সদস্য প্রার্থী। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজ মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুজনের বরিশাল জোনের সমন্বয়ক মেহের আফরোজ মিতা, শরীয়তপুর-১ আসনের প্রতিদ্বন্দ্বী ৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের জালালুদ্দীন আহম্মেদ (রিক্সা), গণঅধিকার পরিষদের ফিরোজ আহম্মেদ (ট্রাক), জাতীয় নাগরিক পার্টির আবদুর রহমান (শাপলা কলি), ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. তোফায়েল আহম্মেদ (হাতপাখা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাঈদ আহম্মেদ আসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (ঘোড়া), সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ (একতারা)।
সুজনের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রাশেদুল ইসলাম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুজনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, সুজনের শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল জেলা সুজনের সভাপতি গাজি জাহিদ হোসেন, বরিশাল মহানগর সভাপতি আ. মোতালেব হাওলাদার প্রমুখ।
প্রশ্নোত্তর পর্বে সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়া বেগম খালেদা জিয়া সরকারের আমল নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় দুইপক্ষের মধ্যে হৈ-হুল্লা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে অনুষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানে প্রার্থীদের কাছে ভোটাররা শরীয়তপুর-ঢাকা যাতায়াতের সুবিধার্থে নাওডোবা রেলস্টেশন নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া জেলায় উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার তৈরির প্রতিশ্রুতি প্রত্যাশা করেন সাধারণ মানুষ।
